করোনাভাইরাসকে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) হালকাভাবে নিতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ারই পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য সরকার করোনার ব্যাপারে অত্যন্ত কঠোর। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বিশ্বজুড়ে, এ সময় পশ্চিম অস্ট্রেলিয়া কিছুতেই ছাড় দেবে না। এ জন্যই বছর শেষে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হতে পারে পূর্বাঞ্চল দিয়ে, পার্থ থেকে নয়। পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্য সরকারের অনড় অবস্থানে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও সফরসূচি পুনর্বিন্যাস করতে হচ্ছে।
প্রাথমিক পরিকল্পনাটা এমন ছিল যে অস্ট্রেলিয়া ও ভারত দুই দলই অস্ট্রেলিয়ায় ঢুকবে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ দিয়ে। সেখানকারই হোটেলে শিথিল গোছের কোয়ারেন্টিনে থেকে সিরিজের জন্য প্রস্তুতি নেবে এবং পরে খেলতে যাবে ব্রিসবেন, মেলবোর্ন বা অ্যাডিলেডে। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য সরকার কিছুতেই এই শিথিল কোয়ারেন্টিন প্রথা মেনে নিতে রাজি নয়। রাজ্য সরকারের প্রধান মার্ক ম্যাকগাওয়ান স্পষ্ট বলে দিয়েছেন, ‘বাইরের অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে এসে কোয়ারেন্টিন না করে কোনও দল সাধারণভাবে ক্রিকেট অনুশীলন করবে, এটা আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।’
ক্রিকেট অস্ট্রেলিয়া যাতে এই পরিকল্পনা বাস্তবায়ন না করতে পারে, সেজন্য পরোক্ষে পশ্চিম অস্ট্রেলিয়া ক্রিকেট অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়েছেন ম্যাকগাওয়ান, ‘ক্রিকেট অস্ট্রেলিয় যে ব্যবস্থা প্রস্তাব করেছে তাতে প্রচণ্ড ঝুঁকি থাকে। আমাদের পশ্চিম অস্ট্রেলিয়ানদের সদা সতর্ক থেকে ঠিক কাজটি করতে হবে যাতে কেউ অনাকাঙ্ক্ষিত সুযোগ না নিতে পারে।’
এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিল যাতে পার্থে ভারতীয় খেলোয়াড়দের জন্য বায়ো-বাবল (জীবানু-সুরক্ষিত পরিবেশ) তৈরি করে অনুশীলনের সুযোগ দেওয়া হয়। অনুরোধে সাড়া দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ভারত-অস্ট্রেলিয়া দুই দলের খেলোয়াড়দের জন্যই সিরিজপূর্ব অনুশীলনের ব্যবস্থা করেছিলে পার্থে। কিন্তু পশ্চিম অস্ট্রেলিয়া সরকার কোয়ারেন্টিনের সময় হোটেল ছেড়ে খেলোয়াড়দের বেরোতে দিতে রাজি নয়। অষ্ট্রেলিয়ার খেলোয়াড়েরা এখন ইংল্যান্ড সফর করছে, সফর শেষ করেই দলটির অনেকে আইপিএলে খেলতে যাবে আরব আমিরাতে। যেখানে আগেই হাজির হয়ে গেছে প্রায় সব ভারতীয় খেলোয়াড়। ১০ নভেম্বর আইপিএল শেষে দুবাই থেকেই ভারত ও অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ের একযোগে যাওয়ার কথা ছিল পার্থে।
ক্রিকেট অস্ট্রেলিয়া পরিকল্পনা ভেস্তে যাওয়াটা স্বীকার করে জানিয়েছে, এই সপ্তাহেই সিরিজের জন্য নতুন অনুশীলন পরিকল্পনা ও সূচি ঘোষণা করা হবে।
চার টেস্টের সিরিজের আগে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হতে পারে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। ইএসপিএন-ক্রিকইনফো আভাস দিয়েছে, অ্যাডিলেড ওভাল জোড়া টেস্টের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। প্রথমটি দিবারাত্রির ও পরেরটি বক্সিং ডে টেস্ট। ঐতিহ্য অনুযায়ী বক্সিং ডে টেস্ট এমসিজিতেই হয়। কিন্তু ভিক্টোরিয়া রাজ্যে করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণেই অ্যাডিলেডকে প্রস্তুত রাখা।








