এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের খেলা স্থগিত রাখলেও এএফসি কাপের খেলা চালিয়ে যেতে চেয়েছিল। যদিও ধারণা করা হয়েছিল করোনা এএফসি কাপও হবে না। অবশেষে বৃহস্পতিবার এএফসির নির্বাহী কমিটির সভায় ক্লাব ফুটবল প্রতিযোগিতা এএফসি কাপ বাতিল করার সিদ্ধান্তই হয়েছে। এ বছরের খেলা আর হবে না। আগামী বছরের জন্য নতুন করে খেলা শুরু করবে এএফসি।
এএফসি কাপের জন্য বাংলাদেশের বসুন্ধরা কিংস সকালেই বিদেশি ফুটবলারদের উড়িয়ে এনেছিল। তাদের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকে। কিন্তু প্রস্তুতির মাঝপথে দুঃসংবাদ শুনতে হলো। বিদ্যমান করোনা পরিস্থিতি এএফসি কাপের বাকি ম্যাচগুলো আর হতে দিলো না।
প্রথমবারের মতো এএফসি কাপে অংশগ্রহণ, ভালো করার আশায় বসুন্ধরা কম অর্থ ব্যয় করেনি। এখন এই টুর্নামেন্ট না হওয়ায় তারা একটু সমস্যাতেই পড়ে গেলো। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসি কাপের খেলা এ বছর হবে না, একটু আগে জানতে পেরেছি। এখন খেলা না হওয়াতে আমরা আর্থিক ক্ষতির মধ্যে পড়ে গেলাম। এ বিষয়টি তুলে ধরে এএফসির কাছে এখন চিঠি লিখবো।’
করোনার আগে বসুন্ধরা প্রথম ম্যাচে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল মালদ্বীপের টিসি স্পোর্টসকে। তাদের পরবর্তী ম্যাচগুলো হওয়ার কথা ছিল আগামী ২৩ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত, মালদ্বীপেই।
২৩ অক্টোবর সেই দেশের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে প্রথম ম্যাচ খেলার কথা ছিল বসুন্ধরার। ৪ নভেম্বর এদের বিপক্ষেই নির্ধারিত ছিল শেষ ম্যাচ। ২৬ ও ২৯ অক্টোবর নির্ধারিত ম্যাচের প্রতিপক্ষ ছিল ভারতের চেন্নাই সিটি এবং ১ নভেম্বর টিসি স্পোর্টস।








