আগের দুই ম্যাচের মতো এ ম্যাচও দেখেছে ব্যাটসম্যানদের ব্যর্থতা। তামিম-এনামুল-মিঠুন-আকবর-সাইফউদ্দিন-মোসাদ্দেকদের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম মেহেদী হাসান। মূলত অফস্পিনার, ব্যাটিংয়ের হাতটাও খারাপ নয় মেহেদীর। তার ব্যাট থেকেই দল পেলো সর্বোচ্চ ৮২ রানের ইনিংস। মেহেদীর কারণেই বৃহস্পতিবার তামিম একাদশ ৫০ ওভারে ৯ উইকেট স্কোরবোর্ডে জমিয়েছে ২২১ রান।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা তামিম একাদশ টানা দ্বিতীয় ম্যাচে পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। যুব বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ তামিম ৮ রান করে ফিরে যান। এরপর তামিম ও এনামুল ইনিংস মেরামতের চেষ্টা করেন। এনামুল ১৩ বলে ১২ রান করে ফিরে গেলে বড় দায়িত্ব বর্তায় অভিজ্ঞ মিঠুনের কাঁধে। কিন্তু মাত্র ৪ রানে মিঠুন আউট হলে আরও চাপে পড়ে তামিম একাদশ। ক্রিজে তামিম থাকায় কিছুটা স্বস্তি থাকলেও দলীয় রান ৬৫তে পৌঁছাতে তামিমও নাঈমের শিকারে পরিণত হন। ৪৫ বলে ৪ চারে ৩৩ রানের ইনিংস খেলেন আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ অধিনায়ক তামিম।
তামিমের দলটিতেই যুব বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটার খেলছেন। তাদের ঘিরে প্রত্যাশা ছিল। জুনিয়র তামিমের ব্যর্থতার পর শাহাদাত ও আকবর আলীর কাছ থেকে কিছু চাইছিলেন ভক্তরা। শাহাদাত কিছুটা প্রত্যাশা পূরণ করতে পারলেও আকবর পুরোপুরি ব্যর্থ। ৫২ বলে ৩১ রান করা শাহাদাত লেগ স্টাম্পের বাইরের একটি বল সুইপ করতে গিয়ে ক্যাচ দেন। আকবর আলী প্রথম বল থেকেই ছিলেন অস্বস্তিতে। ৫ বল খেলা আকবর তিনবারই বোলারদের সুযোগ দিয়েছেন। শেষ পর্যন্ত সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ২ রান করে। ১২৮ রানে অষ্টম উইকেটের পতনের পর বড় জুটি গড়েন মেহেদী হাসান ও তাইজুল ইসলাম। দুই ব্যাটসমানদের নবম উইকেটে এই জুটি ৯৫ রান জমা করেন স্কোরবোর্ডে।
মাঝে অবশ্য বৃষ্টির কারণে ৬৭ মিনিট খেলা বন্ধ ছিল। ৫৭ বলে ৯ চার ও ৩ ছয়ে মেহেদী তার ৮২ রানের ইনিংসটি খেলেছেন। তাইজুল ৪৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। নাজমুল একাদশের বোলারদের মধ্যে আল আমিন হোসেন ৪৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার। এছাড়া স্পিনার নাঈম হাসান ও রিশাদ হাসান ২টিকরে উইকেট নিয়েছেন। পেসার তাসকিন ও মুকিদুল ইসলাম নেন একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
তামিম একাদশ: ৫০ ওভারে ২২১/৯ (তামিম ৩৩, তানজিদ ৮, বিজয় ১২, মিঠুন ৪, শাহাদাত ৩১, মোসাদ্দেক ১২, আকবর ২, সাইফুদ্দিন ৩, মেহেদী ৮২, তাইজুল ২১*, শরিফুল ১* ; তাসকিন ১/৪১ , আল-আমিন ৩/৪৩, মুকিদুল ০/৪৪, নাঈম ২/২৮, সৌম্য ০/৪২, রিশাদ ২/২১ )








