জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। ২২ সদস্যের বিশাল বহরে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ, শোয়েব মালিক ও মোহাম্মদ আমিরের।
সম্প্রতি প্রধান নির্বাচকের পদ ছাড়ার ঘোষণা দেওয়া মিসবাহর এই দলে নতুন মুখ হিসেবে রয়েছেন ২০ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিক। ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অসাধারণ পারফরম্যান্সের কারণে জায়গা হয়েছে তার।১০ ইনিংসে তার সংগ্রহ ৩৫৮ রান
জিম্বাবুয়ের বিপক্ষে এই মাসের শেষ দিক থেকে তিনটি ওয়ানডে ও সম সংখ্যক টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। ২২ সদস্যের দল দুটি সিরিজের জন্যই ঘোষণা করা হয়েছে। পরে ফরম্যাট অনুসারে দল ভাগ করে নেওয়া হবে।
চোটের কারণে সুযোগ হয়নি ফাস্ট বোলার হাসান আলী ও নাসিম শাহর। তবে শোয়েব, সরফরাজদের দলে জায়গা না হওয়া প্রসঙ্গে মিসবাহ বলেছেন, ‘এসব আসলে কৌশলগত সিদ্ধান্ত। শোয়েবের না থাকার ফলে আব্দুল্লাহ শফিক, হায়দার আলী ও খুশদিল শাহদের খেলার ভালো সুযোগ তৈরি হবে।’
একই বিষয় কাজ করেছে মোহাম্মদ আমিরকে না খেলানোর ব্যাপারেও। এর ফলে মোহাম্মদ হাসনাইন, মুসা খান ও হারিস রউফদের মতো বোলারদের আরও দেখে নেওয়ার সুযোগ পাওয়া যাবে।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান ওয়ানডে খেলবে ৩০ অক্টোবর, ১ নভেম্বর ও ৩ নভেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওয়ানডে সুপার লিগের আওতায়। এর পর ৭, ৮ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
পুরো দল: বাবর আজম, হায়দার আলী, আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, হারিস সোহেল, আবিদ আলী, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, রোহেল নাজির, শাদাব খান, শাহীন আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুসা খান, ওয়াহাব রিয়াজ, উসমান কাদের ও জাফর গওহর।








