গত বছরও উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন জাহানারা আলম। কিন্তু খুব কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি তার। একই দল ভেলোসিটির হয়ে এবার সেই আক্ষেপটা দূর করার মিশন তার সামনে।
গত বছর ফাইনালে সুপারনোভাসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেও জয়ের দেখা পায়নি জাহানারার দল। ২১ রানে নিয়েছিলেন ২ উইকেট। এবার সাফল্য পেতে মিরপুরের একাডেমিতে কয়েক দফা অনুশীলন করেই আরব আমিরাতের ফ্লাইট ধরেছেন তিনি। সেখানে এক সপ্তাহের কোয়ারেন্টিন শেষে মাঠের অনুশীলনও শুরু করেছেন। অবশ্য সপ্তাহখানেক হোটেলবন্দি অবস্থাতেও বসে থাকেননি। নিজেকে প্রস্তুত রাখতে ট্রেডমিলে দৌঁড়ানোর পাশাপশি হালকা ঘামও ঝরিয়েছেন। সেই পর্ব শেষ করে এখন মাঠের অনুশীলনে পুরোপুরি ব্যস্ত জাহানারা। যার ছবি নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ফেসবুক পেজে।
তার পরেও তার মুখ থেকেই জানতে চাওয়া হলো কেমন চলছে প্রস্তুতি? দলীয় বিধিনিষেধ থাকায় বিস্তারিত কিছু জানাতে পারেননি। তার পরেও বলেছেন, ‘অনুশীলনটা ভালোই হচ্ছে। আশা পূরণের জন্য সবার কাছে দোয়া চাই।’
তবে দেশ ছাড়ার আগে জাহানারা জানিয়েছেন গেছেন, নিজের লক্ষ্যের কথা। গতবারের ট্রফি ছোঁয়ার আক্ষেপটা দূর করতে চান এবার, ‘আমার মধ্যে কোন চাপ নেই। বরং আমি দারুণ রোমাঞ্চিত। আবারও একই দলের হয়ে খেলতে পারছি। দলের সবার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। ফলে নতুন করে আমাকে মানিয়ে নিতে হচ্ছে না। যতখানি প্রস্তুতি নিয়েছি এবং গত বারের অভিজ্ঞতা মিলিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। গতবার ফাইনাল না জেতার আফসোস ছিল। এবার সুযোগ এলে দলকে চ্যাম্পিয়ন করাতে ভূমিকা রাখতে চাই।’
প্রথম আসরে দুই দল নিয়ে একটি ম্যাচ আয়োজন করা হলেও গত দুই আসরে তিনটি করে দল অংশ নিচ্ছে। মেয়েদের আইপিএলের তিনটি দল হচ্ছে- ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। চার ম্যাচের ভেন্যু শারজা।
৪ নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। পরদিন ৫ নভেম্বর একই ভেন্যুতে জাহানারার ভেলোসিটি লড়বে সালমার ট্রেইলব্লেজারসের বিপক্ষে। পরের দিন ট্রেইলব্লেজারস-সুপারনোভাসের ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব।
তিন ম্যাচে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুই দল ৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে শারজাতে। এবারের আসরে তিন দলের অধিনায়ক হারমানপ্রীত কর, স্মৃতি মন্ধানা ও মিতালি রাজ। আইপিএলের মতো এই প্রতিযোগিতাতেও দলগুলো একাদশে চার বিদেশি ক্রিকেটার রাখতে পারবে।








