আইপিএল নিয়ে জুয়া হচ্ছে হরহামেশাই। গ্রেফতারও হচ্ছেন অনেকে। তারপরেও সেসব আর বন্ধ করা যাচ্ছে না ভারতে। সর্বশেষ আইপিএল জুয়ায় জড়িয়ে আটক হয়েছেন রঞ্জি ট্রফিরই সাবেক ক্রিকেটার রবিন মরিস। তার সঙ্গে আরও দুজনকে একই অপরাধে আটক করেছে মুম্বাইয়ের ভারসোভা পুলিশ।
কানাডিয়ান বংশোদ্ভূত মরিস ১৯৯৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত রঞ্জি ট্রফিতে খেলেছেন মুম্বাই ও উড়িশার হয়ে। এই সময়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচসহ লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৫১টি।
পুলিশ জানিয়েছে, মরিসের বিষয়ে তথ্য জেনেই তার বাড়িতে হানা দিয়েছিল তারা। তল্লাশি চালিয়ে মরিসসহ তিনজনকে আটক করে পুলিশ।
অবশ্য ফিক্সিং সংক্রান্ত ইস্যুতে এই মরিসের নাম এর আগেও উঠেছিল। গত বছর ক্রিকেটের ফিক্সিং নিয়ে আল জাজিরার প্রচারিত স্টিং অপারেশনেও তার নামটি প্রকাশ পেয়েছিল। অপারেশনে ক্যামেরার সামনে সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান হাসান রাজার পাশেই তাকে বসতে দেখা গিয়েছিল। তখন ছদ্মবেশে থাকা রিপোর্টারের কাছে বলছিলেন, তারা কীভাবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্পট ফিক্সিং করে থাকেন।
অবশ্য সেই সময় এসবে জড়িত থাকার বিষয়গুলো উড়িয়ে দিয়েছিলেন মরিস। দাবি করেন, আল জাজিরাই তাদের একটি ফিল্মে অডিশনের জন্য তাদের ডেকেছিল। তিনি বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগেও অংশ নিয়েছিলেন।
গত বছর একজন লোন এজেন্টকে অপহরণের দায়েও গ্রেফতার হয়েছিলেন মরিস। সঙ্গে ছিলেন আরও চারজন।








