ধারাবাহিকতা ধরে রেখেছেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের সঙ্গে ওপেন করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা এই ক্রিকেটার ছুটছেন দুরন্ত গতিতে। অবশ্য তার সেই স্বপ্ন তিন দলের ওয়ানডে টুর্নামেন্টেই পূরণ হয়েছে। সাফল্যের মুখ দেখেননি যদিও। তবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে এইচপির প্রস্তুতি ক্যাম্পে নিজের জাত চেনাচ্ছেন ধারাবাহিক কিছু ইনিংস উপহার দিয়ে। ওয়ানডে ফরম্যাটে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলেছেন ৭৪ রানের ইনিংস। এরপর কুড়ি ওভারের টুর্নামেন্টে টানা দুই ম্যাচেও হেসেছে তার ব্যাট। ৭৩ ও ৬৬ রানের দুর্দান্ত দুটি ইনিংস উপহার দিয়েছেন জুনিয়র তামিম খ্যাত এই ক্রিকেটার।
তার ব্যাটে ভর করেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এইচপি দলের প্রস্তুতি ক্যাম্পে আফিফ হোসেনের দলকে ৬ উইকেটে হারিয়েছে তৌহিদ হৃদয়ের টিম-বি।
প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টিম ‘এ’। ওপেনিংয়ে নামা নাঈম শেখ ও শাহাদাত হোসেন ৮১ রানের জুটি গড়েন। অবশ্যই তাদের কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। নাঈম শেখ ৩৬ বলে খেলেছেন ৪৬ রানের ইনিংস। যার ইনিংসে ছিল ৩ চার ও ২ ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার শাহাদাত হোসেনের ব্যাট থেকে। ২৭ বলে ৬ চার ও ১ ছক্কায় শাহাদাত ৪২ রানের ইনিংসটি সাজান। মিডল অর্ডারে নামা শামীম হোসেনের ১৪ বলে করা ৩৪ রানের ঝড়ো ইনিংস স্কোরবোর্ড সমৃদ্ধ করতে ভূমিকা রাখে শেষ দিকে। এছাড়া মৃত্যুঞ্জয় ১৯ বলে ২৩ রানের ইনিংস খেলেছেন।
টিম ‘বি’র হয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার ছিলেন রেজাউর রহমান। তৌহিদ হৃদয়ও ১৩ রান খরচায় নিয়েছেন দুই উইকেট। এছাড়া মুকিদুল ও রিশাদ নিয়েছেন একটি করে উইকেট।
১৮১ রানের লক্ষ্যে খেলতে নামা টিম ‘বি’র শুরুটাও ছিল উড়ন্ত। দুই ওপেনার তামিম ও পারভেজ মিলে ৫৪ রানের জুটি গড়েন। শাহাদাত ১৩ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলে বিদায় নিলে পরে চড়াও হন তামিম। দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসানকে সঙ্গে নিয়ে তিনি গড়েন ৮৩ রানের জুটি।
এই জুটিই মূলত জয়ের ভিত গড়ে দিয়েছে। আগের দুই ম্যাচে হাফসেঞ্চুরি পাওয়া তামিম ৫১ বলে ৬৬ রান করে থেমেছেন। তার ইনিংসে ছিল ৪ চার ও ৩ ছক্কার মার। অন্যদিকে মাহমুদুল ২৬ বলে করেছেন ৩৪ রান। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ‘বি’। বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবরের ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৫ রান।
টিম ‘এ’র পক্ষে সুমন খান ৪১ রানে নিয়েছেন ২ উইকেট। আর ১টি করে উইকেট পেয়েছেন আফিফ হোসেন ও নোমান।
সংক্ষিপ্ত স্কোর:
টিম ‘এ’: ২০ ওভারে ১৮০/৮ (নাঈম ৪৬, শাহাদাত ৪২, শামীম ৩৪, মৃত্যঞ্জয় ২৩; রেজাউর ২/৩০, তৌহিদ ২/১৩, রিশাদ হোসেন ১/২৯, মাকিদুল ১/৩৫)
টিম ‘বি’: ১৮.৫ ওভারে ১৮১/৪ (তানজিদ তামিম ৬৬, পারভেজ ৪০, মাহমুদুল ৩৪, আকবর ১৫*; সুমন খান ২/৪১, আফিফ ১/৩৭, নোমান ১/১১)।
ফল: টিম ‘বি’ ৬ উইকেটে জয়ী।








