বেশ কয়েকবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে দেন-দরবার হলেও তাকে কোনওভাবেই স্থায়ী ভিত্তিতে যুক্ত করা যায়নি। অবশেষে পাকিস্তানের কোচিং প্যানেলে যুক্ত হতে সম্মত হয়েছেন সাবেক অধিনায়ক ইউনিস খান। ব্যাটিং কোচ হিসেবে তার চুক্তিটাও হচ্ছে লম্বা সময়ের। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হলেও সেটি আরও এক বছর, মানে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোরও সুযোগ রাখা হয়েছে।
অবশ্য তিনি এই সময়ে ব্যাটসম্যানদের উন্নয়ন প্রকল্পেও কাজ করবেন পিসিবির হয়ে। করাচির হানিফ মোহাম্মদ হাইপারফরম্যান্স সেন্টারে ব্যাটসম্যানদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম চলবে তার হাত ধরেই।
নতুন দায়িত্ব পেয়ে ইউনিস বলেছেন, ‘আমি পাকিস্তান দলে লম্বা সময়ের জন্য যুক্ত হতে পেরে আসলেই আনন্দিত। গ্রীষ্মে আমাকে যখন সুযোগটি দেওয়া হয়, তখন নিজেকে খুব সম্মানিত মনে হয়েছে। এছাড়া কাজটিও উপভোগ করেছি। এখন গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড সফরে কাজটা চালিয়ে নিতে মুখিয়ে আছি।’
এর আগেও পাকিস্তানের কোচিং প্যানেলে ছিলেন ইউনিস। তবে সেটা ছিল পরামর্শক হিসেবে স্বপ্ল সময়ের জন্য। ইংল্যান্ড সফরে দলের সঙ্গী হয়েছিলেন এভাবেই। কিন্তু পিসিবি তাকে স্থায়ীভাবে কোচিং সিস্টেমে অন্তর্ভুক্ত করতে চেয়েছিল। স্থায়ী দায়িত্বের পর তার নতুন অ্যাসাইনমেন্ট হবে নিউজিল্যান্ড সফরে হেড কোচ মিসবাহ উল হকের অধীনে। তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে পাকিস্তান নিউজিল্যান্ড উড়ে যাবে আগামী ২৩ নভেম্বর।








