আগামী ২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টে শিরোপার জন্য লড়বে ফরচুন বরিশাল দল। আজ শনিবার সন্ধ্যায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ফরচুন বরিশালের পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে দলটির খেলোয়াড় ও কর্মকর্তাদের মুখে এমন কথাই উচ্চারিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারুক। বরিশাল বিভাগের সংসদ সদস্যগণ, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক,বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী, দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানও ছিলেন অনুষ্ঠানে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটিতে খেলবেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অঙ্কন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন। বাংলাদেশ দলের পেসার তাসকিন লোগো, জার্সি উন্মোচন ও পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেছেন, 'এমন একটি টুর্নামেন্টে খেলতে উন্মুখ হয়ে আছি। আশা করি জমজমাট একটি টুর্নামেন্ট খেলবো। ঢাকার ছেলে হয়েও ঢাকায় খেলার সুযোগ হয়নি। পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনও দলেই খেলতে প্রস্তুত। আশা করি শিরোপার লড়াইয়ে আমরা খুবভালো ভাবেই লড়তে পারবো।'
দলটির চেয়ারম্যান মিজানুর রহমান দলটিকে নিয়ে শিরোপার জন্য লড়তে চান, 'আমরা প্রথমবারের মতো ফ্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছে। আমার ইচ্ছে আছে ভবিষ্যতে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার। এবার আমরা যেমন দল গড়েছি, তাতে করে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকবো বলে আশা রাখি।'
ফরচুন বরিশাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন। প্রধান কোচ: সোহেল ইসলাম সহকারী কোচ: গোলাম মুর্তজা ম্যানেজার: হাসিবুল হোসেন শান্ত, ট্রেনার: ইফতেখারুল ইসলাম ইফতি ফিজিও: জয়








