কাল মঙ্গলবার নেপালের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে শেষ ম্যাচেও ভালো খেলার প্রত্যয় স্বাগতিকদের। অনলাইন সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া বলে গেছেন, দুই অর্ধেই ভালো খেলে মাঠ ছাড়তে চায় তার দল।
কোভিড-১৯ এর কারণে এবার সরাসরি সাংবাদিকদের সামনে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেনি কেউ। তাই সোমবার ভরসা ছিল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে। সেখানে প্রত্যাশার কথাই শুনিয়েছেন জামাল, ‘আগের ম্যাচে প্রথমার্ধটা ভালো ছিল। তবে দ্বিতীয়ার্ধে অনেক কষ্ট করতে হয়েছে। সে জন্য কাল আমাদের লক্ষ্য দুই অর্ধেই যেন ভালো খেলতে পারি।’
নেপালের বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে নূন্যতম ড্র করতে পারলেই সিরিজ জিতে যাবে স্বাগতিকরা। তবে এই ম্যাচে হেড কোচ জেমি ডের থাকা হচ্ছে না। করোনা পজিটিভ হওয়ায় আইসোলোশনে চলে গেছেন ইংলিশ কোচ। যদিও এর প্রভাব পড়বে না বলেই জানালেন জামাল, ‘জেমি থাকুক আর না থাকুক, আমাদের ফোকাস একই থাকবে। কারণ আমাদের ইনস্ট্রাকশন আর ট্যাকটিক্যাল ব্যাপারগুলো একই। জেমি না থাকলে সেটা বড় সমস্যা হবে না।’
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের মধ্যমাঠ ঠিক মতো কাজ করেনি। জেমি ডে প্রথম ম্যাচের পর বলেছিলেন, দীর্ঘ দিন খেলার মাঝে না থাকাতেই এমনটি হয়েছে। জামালও মনে করছেন এমনটা, তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের ভুল-ত্রুটি শুধরে এগিয়ে যাওয়াই তাদের পরিকল্পনা। কারণ সামনেই রয়েছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলেই তারা উড়ে যাবে কাতার। সেখানে ৪ ডিসেম্বর তাদের মুখোমুখি হবে জামালরা। ।
অপর দিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা নেপাল দলের অধিনায়ক কিরণ চেমজংয়ের। তিনি বলেছেন, ‘আগামীকালের ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হতে যাচ্ছে। অবশ্যই আমরা জয়ের জন্য নামবো। কেননা আমরা প্রথম ম্যাচ হেরেছি। দ্বিতীয় ম্যাচের জন্য আমরা তিন দিন প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছি।’








