অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও তৃতীয় ও শেষ ম্যাচটি হেরেছে ভারত। গতকালকের দিনটি যে তাদের ছিল না, এর প্রমাণও দিয়ে দিলেন ম্যাচ রেফারি। স্লো ওভার রেটের কারণে ভারতের জরিমানা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ।
তৃতীয় টি-টোয়েন্টিতে ভারত হেরেছে ১২ রানে। অস্ট্রেলিয়া ১৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিলেও ভারত থেমেছে ১৭৪ রানে। ম্যাচটিতে বোলিংয়ের সময় নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার কম করেতে পেরেছিল ভারত। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি অবশ্য নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। জরিমানা আরোপ করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন।
অস্ট্রেলিয়া সফরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের জরিমানা গুনলো ভারত। ওয়ানডে সিরিজেও (প্রথম ওয়ানডে) একই ঘটনা ঘটেছিল।
এছাড়াও এই বছরে টি-টোয়েন্টিতে তৃতীয়বারের মতো স্লো ওভার রেটের ঘটনার জন্ম দিয়েছে ভারত।








