পুরো টুর্নামেন্টে অসাধারণ কাটানো গাজী গ্রুপ চট্টগ্রাম জয়ের আনন্দে মাতলো আরও একবার। বৃহস্পতিবার বরিশালের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার লিটন দাস ও মোস্তাফিজুর রহমাকে বিশ্রাম দিয়েও জয় পেতে সমস্যা হয়নি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটির। এদিন তামিমের বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে মিঠুনের চট্টগ্রাম। ১৫০ রানের জবাবে খেলতে নেমে সৌম্যর ব্যাটিংয়ে চট্টগ্রাম ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে।
১৫০ রানের জবাবে খেলতে নেমে লিটনের বদলে ওপরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া সৈকত আলী সুযোগটা ভালো ভাবেই কাজে লাগিয়েছেন। ব্যক্তিগত ৩১ রানে জীবন পাওয়া সৈকত আউট হয়েছেন ৩৯ রানে। ততক্ষণে অবশ্য সৈকত-সৌম্যর ৭৯ রানের জুটি হয়ে গেছে। এদিকে আফিফের কল্যাণে ১০ রানে জীবন পেয়ে সুযোগটা কাজে লাগিয়েছেন সৌম্য। খেলেছেন ৩৭ বলে ৬৭ রানের বিস্ফোরক এক ইনিংস। ৭ চার ও ৩ ছক্কায় সৌম্য টুর্নামেন্টে নিজের প্রথম হাফসেঞ্চুরিটি করেছেন।
সৌম্যর এই ইনিংসের কল্যাণে জয়ের দ্বারপ্রান্তেই ছিল চট্টগ্রাম। অধিনায়ক মিঠুন ৩ রানে আউট হলেও তিন নম্বরে নামা মাহমুদুল হাসান ও মোসাদ্দেকের অপরাজিত ২৩ রানের জুটিতে ৮ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় চট্টগ্রাম। মাহমুদুল ২৭ বলে ৩ চারে ৩১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া মোসাদ্দেক ১১ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।
বরিশালের বোলারদের মধ্যে সুমন খান ৩০ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। এছাড়া মেহেদী হাসান ৩১ রানে একটি উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবালের ফরচুন বরিশাল। গাজী গ্রুপ চট্টগ্রামের বোলারদের চাপের মুখে স্কোরবোর্ড খুব বড় করতে পারেনি বরিশাল। অথচ তামিম ও সাইফ মিলে ওপেনিং জুটিতে দারুণ শুরু করেছিল। ১১ ওভারে এই জুটি ৮৭ রান করলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৯ রানের বেশি করতে পারেনি বরিশাল।
দলীয় ৮৭ রানে সাইফ আউট হন। ৩৩ বলে ৬ চার ও ২ ছয়ে সাইফ নিজের ৪৬ রানের ইনিংসটি সাজিয়েছেন। সাইফের বিদায়ের পর তামিমও দ্রুত ফিরে যান। ৩৯ বলে ৫ চারে তামিম আউট হন ৪৩ রানে। এরপর আগের ম্যাচে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে যাওয়া পারভেজও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। আউট হয়েছেন ১০ বলে ১৪ রান করে। তৌহিদ হৃদয়-ইরফান শুক্কুর-মেহেদী হাসানরা ব্যর্থ হলে বড় স্কোর গড়ার স্বপ্ন ফিকে হয়ে যায় বরিশালের। ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়া আফিফের ১৬ বলে ২৮ রানের ইনিংসের কল্যাণে বরিশাল নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করতে সক্ষম হয়।
চট্টগ্রামের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা, জিয়াউর রহমান ও মোসাদ্দেক হোসেন।








