চট্টগ্রামের ইনিংসের চতুর্থ ওভারেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল জেমকন খুলনার উইকেটকিপার ব্যাটসম্যান জাকির হাসানকে। মাথায় আঘাত পাওয়া এই ক্রিকেটার বর্তমানে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছে জেমকন খুলনা।
ফিজিও মুজাদ্দেদ সানির বরাত দিয়ে খুলনা মঙ্গলবার সকালে জানিয়েছে, ‘বিসিবির চিকিৎসকদের পাশাপাশি আমরাও জাকিরকে পর্যবেক্ষণে রেখেছি। তার সব কিছুই স্বাভাবিক মনে হয়েছে। কিছুটা মাথা ব্যথা রয়েছে। ইতোমধ্যে ওষুধও চলছে। ম্যাচ শেষে হোটেলে ফিরেও তার অবস্থা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। জাকির ঘাড়ে ব্যথা অনুভব করছেন। তিনি আরও ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন।’
সোমবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের ব্যাটসম্যান মাহমুদুল হাসানের সঙ্গে জাকিরের সংঘর্ষ হয়েছিল। ৩.৩ বলে এক রান নিতে উইকেটের প্রান্ত বদল করতে গেলে মাহমুদুল হাসান ধাক্কা খান জাকির হাসানের সঙ্গে। এর পরই খুলনার এই ক্রিকেটার মাথায় আঘাত পেয়ে মাটিতে শুয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। বাকি সময়টাতে কনকাশন বদলি হিসেবে কিপারের দায়িত্ব পালন করেছেন এনামুল হক।
অথচ প্রথম চার ম্যাচে নিয়মিত ওপেনার হিসেবে খেলেছেন এই এনামুল হক। তার টানা ব্যর্থতাতেই দলে জাকির সুযোগ পেয়েছিলেন। বরিশালের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে তার প্রতিদানও দিয়েছেন। খেলেছিলেন ৬৩ রানের অসাধারণ একটি ইনিংস। এরপর থেকে দলের নিয়মিত সদস্য হয়ে গেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। দুর্ভাগ্য যে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইনজুরিতে পড়ে ফাইনাল খেলার স্বপ্নটা ফিকে হয়ে গেছে তার।








