১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে জিতিয়েছিলেন ভারতকে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পক্ষে প্রথম হ্যাটট্রিক এটি।তবে এই গৌরবের চেয়ে একটি বিষাদময় রেকর্ডই তাকে বেশি করে চিনিয়েছে ক্রিকেট বিশ্বে। সেই যে ১৯৮৬ শারজায় অনুষ্ঠিত অস্ট্রেলেশিয়া কাপের ফাইনালে তার করা শেষ বলটিতে ছক্কা মেরে জাভেদ মিয়াঁদাদ জিতিয়েছিলেন পাকিস্তানকে! ভারতের একটি বড় গৌরব আর অগৌরবের সঙ্গে জড়িয়ে থাকা সাবেক পেসার চেতন শর্মাকে বৃহস্পতিবার প্রধান ক্রিকেট নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
চেতন শর্মার সঙ্গে নির্বাচক হিসেবে মনোনীত হয়েছেন আরও দুই সাবেক পেসার-আবে কুরুভিলা ও দেবাশিস মোহান্তি। এই তিনজনের সঙ্গে সুনীল যোশি ও হারবিন্দর সিংকে নিয়ে পূর্ণ হলো পাঁচজনের নির্বাচক কমিটি। মজার ব্যাপার, পাঁচ সদস্যের নির্বাচক কমিটির সবাই বোলার, আর চারজনই পেসার।
আহমেদাবাদে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিসিসিআইয়ের ৮৯তম বার্ষিক সাধারণ সভায় প্রত্যাশিতভাবেই আরেকটি গৃহীত বড় সিদ্ধান্ত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আরও দুটি দল বাড়ানো। আগামী ২০২২ সাল থেকে ৮ দলের পরিবর্তে আইপিএল হবে ১০ দলের। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হিসেবে সম্প্রতি গড়ে তোলা হয়েছে আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামকে। ১ লাখ ১০ হাজার এটির ধারণক্ষমতা। আইপিএলে বাড়তি দুই ফ্রাঞ্চাইজির একটি যে আহমেদাবাদই হতে চলেছে, এ নিয়ে অনেকেই নিঃসংশয়। যদিও বিসিসিআই নতুন কোনও ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করেনি।
বিসিসিআইয়ের শীর্ষ পদে থেকেও সৌরভ গাঙ্গুলী এখনও বিজ্ঞাপণ করে যাচ্ছেন, এমন বিজ্ঞাপণ করেছেন যা কিনা বোর্ডের স্বার্থবিরোধী। এ নিয়ে সৌরভ তোপের মুখে পড়তে পারেন, এমন আভাসই ছিল। কিন্তু আদতে হয়নি কিছুই। বরং তাকেই আইসিসির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে বিসিসিআই।








