একটু বেশিই সোজা-সাপ্টা কথা বলেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার কাউকে ছেড়ে কথা বলার পাত্র নন। এই যেমন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত দশকসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলে কোনও পাকিস্তানি খেলোয়াড়ের নাম না দেখে তীব্র ভাষায় আক্রমণ করেছেন আইসিসিকে। শোয়েবের দৃষ্টিতে আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি দল কোনমতেই বিশ্বের সেরা দল নয়, এটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নির্বাচিত একাদশ!
‘তারা পাকিস্তানের একজন খেলোয়াড়কেও দলভুক্ত করেনি। আমরা তোমার (আইসিসি) নির্বাচিত দশকসেরা এই টি-টোয়েন্টি দল চাই না, কারণ তোমরা আইপিএল দল ঘোষণা করেছো, বিশ্ব একাদশ নয়’- রবিবার আইসিসি দশকসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করার পর নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন শোয়েব।
পাকিস্তানের সাবেক গতিতারকা আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ের প্রসঙ্গ টেনে বলেছেন, দশকসেরা টি-টোয়েন্টি দল পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে ছাড়া হতে পারে না। শোয়েব বলেছেন, ‘আমার মনে হয় আইসিসি ভুলে গেছে যে পাকিস্তান আইসিসির একটি সদস্য দেশ এবং তারা টি-টোয়েন্টি ক্রিকেটও খেলে।’
ঘণ্টায় একশো মাইলের ওপর গতিতে বোলিং করার রেকর্ড গড়া পেসার কোনও রাখঢাক না করেই আইসিসির সমালোচনা করেছেন, ‘আইসিসি শুধু টাকার দিকটাই ভাবে, চিন্তা করে স্পনসরশিপ ও টিভি স্বত্ত্ব। তারা দুটি নতুন বল ও তিনটি পাওয়ার-প্লে চালু করেছে (ওয়ানডে ক্রিকেটে)। কোথায় ডেনিস লিলি, জেফ টমসন, ওয়েস্ট ইন্ডিজের বিগ-ফাইভ, ওয়াসিম (আকরাম) ও ওয়াকার (ইউনিস)? বিশ্বের দ্রুততম বোলার বা লেগস্পিনাররাই বা কোথায়? তারা এদিক থেকে সরে গেছে, কারণ আইসিসি ক্রিকেটকে এত বাণিজ্যে পরিণত করেছে যে টেন লিগ পর্যন্ত অনুমোদন দিয়েছে টাকা আয়ের নেশায়।’
শোয়েব বর্তমান আইসিসি নির্দেশিত পথে চলতে থাকা ক্রিকেট আর আগের দিনের ক্রিকেটের মধ্যে একটা তুলনা টেনে বলেছেন, ‘তারা (আইসিসি) তিন বছরে দুটি বিশ্বকাপ এবং লিগ চায়… এখনকার ক্রিকেটের সঙ্গে সত্তরের দশকের ক্রিকেটের বিস্তর ব্যবধান। শচীন বনাম শোয়েবের লড়াই-ই যদি না থাকে এখনকার ক্রিকেটে, তাহলে তা দেখার সার্থকতা কোথায়? টি-টোয়েন্টিতে বাবর আজমের মতো বড় খেলোয়াড় নেই। সে পাকিস্তানের সেরা খেলোয়াড় এবং তার গড়ই বলে পাকিস্তানের জন্য সে কী করেছে, এমনকি বিরাট কোহলির সঙ্গে তুলনায় গিয়েও সেটি বলা যায়। বিষয়টি এতটাই বিব্রতকর যে এই ভিডিও দেখার পর তাদের দশকসেরা বিশ্ব একাদশ ঘোষণা করা উচিত, আইপিএল দল নয়।’
রবিবার আইসিসি ঘোষিত দশকসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের চারজন, অস্ট্রেলিয়ার দুজন, ওয়েস্ট ইন্ডিজের দুজন এবং শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন।
আইসিসির দশকসেরা টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, এমএস ধোনি (অধিনায়ক), কাইরন পোলার্ড, রশিদ খান, যশপ্রীত বুমরা এবং লাসিথ মালিঙ্গা।








