অস্ট্রেলিয়ায় নেট বোলার হয়ে ভারতীয় দলের সফরসঙ্গী হয়েছিলেন টি নাটারঞ্জন। সেখানে একজনের চোট আঘাতেই ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে অভিষেক হয় তার। এবার টেস্টেও তাকে দলে ভিড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মূলত নিয়মিত পেসার উমেশ যাদব কাফ মাসলে চোট পাওয়াতেই কপাল খুলে গেছে ২৯ বছর বয়সী এই বামহাতি পেসারের।
উমেশ মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩.৩ ওভার বোলিং করতে পেরেছেন। এর পরেই মাঠ ছেড়েছেন খুঁড়িয়ে। ফলে বাকি দুই টেস্টে আর তিনি খেলতে পারবেন না। সেজন্য শেষ দুই টেস্টের দলে নাটারঞ্জনকে যুক্ত করেছে ভারত।
চোট আঘাত সিরিজের শুরু থেকেই ভুগিয়েছে ভারতকে। সাইড স্ট্রেনের কারণে পুরো সিরিজেই নেই ইশান্ত শর্মা। অ্যাডিলেড টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে চোট পেয়ে ছিটকে গেছেন মোহাম্ম সামিও।
এদিকে শেষ দুই টেস্টের দলে ফিরেছেন ওপেনার রোহিত শর্মাও। বৃহস্পতিবার প্রথম অনুশীলনও করেছেন ঠিকঠাক মতো। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হবে ৭ জানুয়ারি।
শেষ দুই টেস্টের দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উই:), ঋশভ পান্ত (উই:), জসপ্রিত বুমরাহ, নবদীপ সৈনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও টি নাটারঞ্জন।
টি নাটারঞ্জন।








