পাকিস্তানের বিপক্ষে বুধবার বাংলাদেশের ‘আসল বিশ্বকাপ’ শুরু হচ্ছে। ধর্মশালাতে নেদারল্যান্ডস-আয়ারল্যান্ড-ওমানের বিপক্ষে লড়াই শেষে বাছাইপর্ব পেরিয়ে আসল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ দিয়েই ডালমিয়া-গাঙ্গুলি শহরে শুরু হবে লাল-সবুজদের মিশন। ডালমিয়া প্রয়াত হলেও গাঙ্গুলি আছেন। তিনিও বাংলাদেশের ক্রিকেটকে ভালবাসেন। মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি এখন কলকাতা ক্রিকেটের ‘হর্তা-কর্তা’ও বটে। একে তো,বাঙালি। দ্বিতীয়ত,বাংলাদেশ ক্রিকেটের উন্নতি চান গাঙ্গুলিও। তাই ভারত ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক বাংলাদেশের বন্ধুই বলা চলে। সেই অর্থে পুরো কলকাতাবাসী বাংলাদেশকে সমর্থন জানাবেন এটাই স্বাভাবিক!
এমন একটি জায়গায় খেলছে বাংলাদেশ দল,যেখানে তারা ২৫ বছর আগে খেলেছে। ১৯৯০ সালের ডিসেম্বরে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এরপর আর কখনও ইডেন গার্ডেনে খেলা হয়নি বাংলাদেশের।
ভারত কখনও বাংলাদেশকে দ্বিপক্ষীয় সিরিজে খেলার আমন্ত্রণ জানায়নি। তাই সেই ইডেন গার্ডেনে খেলার সুযোগও আর হয়নি। তবে ভারতের মাটিতে ১৯৯০ সালেই এশিয়া কাপে ভারতের বিপক্ষে চণ্ডিগড়ে,১৯৯৮ সালে মোহালি ও মুম্বাইয়ে ভারত ও কেনিয়াসহ তিনজাতি সিরিজে খেলেছে বাংলাদেশ। এর বাইরে ২০০৬ সালে জয়পুরেও খেলেছে। কিন্তু ইডেন গার্ডেনে খেলা হয়নি।
বুধবার শুরু হওয়া ম্যাচটি নিয়ে দুই দলই একে অন্যকে ফেভারিট মানছেন!বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ঘোষণা দিয়েই বললেন,পরিসংখ্যান ঘাটলে নিশ্চিত মনে হবে পাকিস্তান ফেভারিট। সাম্প্রতিক পারফরম্যান্সে আমরা ভালো দল হিসেবে খেলেছি। তবে ২ গজের লড়াই নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে বলে জানান মাশরাফি।
এই ম্যাচে মাশরাফির প্রধান অস্ত্র মুস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আছে তাসকিনেরও খেলার। এশিয়া কাপের ভারতের বিপক্ষে চার পেসার নিয়ে খেলেছিলো বাংলাদেশ। বুধবারও বাংলাদেশের স্কোয়াডে দেখা যেতে পারে ভারতের বিপক্ষে খেলা চার পেসারকে। ওমানের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া ম্যাচ থেকে একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।








