সময়টা ভালো যাচ্ছে না জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের। বেশ কিছুদিন ধরে তার ব্যাট থেকে রান আসছে না। তবে শিগগিরই রানে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সংবাদ সম্মেলনে সৌম্য বলেন, 'আপনার সবাই দেখছেন সময়টা একটু খারাপ যাচ্ছে। চেষ্টা করছি ফর্মে ফিরতে। অনুশীলনে বাড়তি সময়ও দিচ্ছি। ভুলগুলো কোথায় হচ্ছে, বের করার চেষ্টা করছি। আশা করি সামনের ম্যাচগুলোতে রান পাব।'
রানে ফিরতে প্রাণান্ত চেষ্টা করছেন এমনটি জানালেন ভয়ডরহীন ক্রিকেট খেলে পরিচিতি পাওয়া সৌম্য। এমনকি পুরনো খেলার ভিডিওগুলোও দেখছেন তিনি। সৌম্য বলেন, 'নিজের ভালো ইনিংসগুলো যেভাবে খেলেছিলাম সেটা দেখে এখন পার্থক্য বের করার চেষ্টা করছি। সব ভালো ইনিংসই দেখছি। যেমন অনূর্ধ্ব-১৯ পর্যায়ে যে ডাবল সেঞ্চুরি করেছিলাম, সেটার ভিডিও পর্যন্ত দেখছি।'
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হলেও অবিশ্বাস্য একটি ক্যাচ ধরে পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন সৌম্য। এ বিষয়ে তিনি বলেন, 'ফিল্ডিংয়ে যখন আমি থাকি তখন সবসময় চেষ্টা করি ভালো কিছু করার বা এমন কিছু করার যেন সবাই দেখে। ওইরকম সুযোগ কালকে এসেছিল। ক্যাচটা নিতে পেরে ভালো লেগেছে। শুনলাম জন্টি রোডসও নাকি কমেন্ট করেছে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে গেলেও হতাশ নয় টাইগাররা। এ বিষয়ে সৌম্য বলেন, 'আমরা খেলার মধ্যেই ছিলাম। এটা ছিল বিশ্বকাপে আমাদের চার নম্বর ম্যাচ। আগের তিনটি (আসলে দুটি জয়, একটি ম্যাচ ভেস্তে যায়) আমরা জিতেছি। চার নম্বর ম্যাচ হারতেই পারি। একটা দিন খারাপ যেতেই পারে। পরের তিনটি ম্যাচে আমরা অবশ্যই চেষ্টা করব ঘুরে দাঁড়াতে। সেমিফাইনালে ওঠাই আমাদের লক্ষ্য।'
/আরআই/এমআর/








