নারী ফুটবল লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ৭-০ গোলে হারিয়েছে রংপুরের ক্লাব সদ্যপুস্করিনীকে। পুরোনো ঢাকার দলটির হয়ে অসুস্থ শরীরে খেলেও একাই চার গোল করেন শামসুন্নাহার জুনিয়র। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই ফরোয়ার্ড।
একটি করে গোল করেন নেপালের পূজা রানা, শামসুন্নাহার সিনিয়র ও অনামিকা ত্রিপুরা। দিনের অন্য ম্যাচগুলোতে প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ আর্মি, নাসরিন একাডেমি ও রাজশাহী স্টার্স।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচসেরা হয়ে শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘আমার শরীর খুবই অসুস্থ। তারপরও খেলেছি, কারণ আমাদের বদলি খেলোয়াড়দের বেশিরভাগই তরুণ। সবাই আমার ওপর ভরসা করে। তাই চেষ্টা করছি দলকে সেরাটা দেওয়ার। মাঠে সবকিছু ভালোই যাচ্ছে। অনেক সময় মিস হয়, আবার গোলও হয়। সেক্ষেত্রে গোল করতে পারলে অবশ্যই ভালো লাগে। টানা চার ম্যাচে সেরা হয়েছি। এটা মনে হয় একটা রেকর্ডও।’
এর আগে দিনের আরেক ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ আর্মি। উন্নতি খাতুন একাই করেন চার গোল। জোড়া গোল করেন জয়নব বিবি রিতা। অন্য গোলটি আসে মোসাম্মৎ সুলতানার পা থেকে।
দিনের প্রথম ম্যাচে কাচারিপাড়া একাদশের বিপক্ষে নাসরিন একাডেমির ৯-১ গোলের জয়ে পপি রানী করেন পাঁচ গোল। আসমা খাতুন করেন হ্যাটট্রিক। অন্য গোলটি করেন মোসাম্মৎ সোমা আক্তার। কাচারিপাড়ার হয়ে একমাত্র গোলটি শোধ দেন সোহেলী শারমিন।
অন্য এক ম্যাচে আনসারের বিপক্ষে বড় জয় তুলে নেয় রাজশাহী স্টার্স। ৮-০ গোলের জয়ে জোড়া গোল করেন রেশমি। একটি করে গোল করেন ঋতুপর্ণা চাকমা, আলপি আক্তার, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা, পূজা ও সৌরভী আকন্দ প্রীতি।
আজকের জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ আর্মি। সমান ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও রাজশাহী স্টার্স।









