নিজেকে নির্দোষ দাবি দুই বছরের জন্য নিষিদ্ধ স্বর্ণজয়ী মাবিয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ এপ্রিল ২০২৬, ১১:২১আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:২১

গত কিছুদিন ধরে ভালো সময় যাচ্ছিল না মাবিয়া আক্তার সীমান্তের। ডোপিং টেস্ট নিয়ে নেতিবাচক খবর শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাকে ভারোত্তোলন থেকে দূরে থাকতেই হচ্ছে। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।

গতবছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসের আগে নেওয়া নমুনায় নিষিদ্ধ ডাইইউরেটিক্স পাওয়া যায়। এর ভিত্তিতে সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের রেজাল্ট ম্যানেজমেন্ট কমিটি ওয়াডা কোড অনুযায়ী তাকে নিষিদ্ধ করেছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জোবায়দুর রানার স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং বিধি অনুযায়ী তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

নিষিদ্ধের চিঠি হাতে পেয়ে বিস্ময় প্রকাশ করেছেন মাবিয়া। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, “যে কারণে আমাকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে আমার কোনও দোষ নেই। আমি প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিয়েছি। আমার হাঁটু ফুলে গিয়েছিল। অলিম্পিকের ডাক্তার বলেছিল সমস্যা হবে না। এখানে আমার কী দোষ?”

টানা দুই গেমসে স্বর্ণপদক জয়ী এই ভারোত্তোলক বলেন, “আমার ১৫ বছরের ক্যারিয়ারে আগে কখনও এমন হয়নি। কোন ওষুধ খেতে হবে, তা তো অলিম্পিক থেকেই বলে দেওয়া হয়। এবারও ডাক্তার নিজেই বললেন সমস্যা হবে না। এখন আমার স্যাম্পল নাকি দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছিল। আসলে আমি বুঝতে পারছি না কী হচ্ছে।”

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন মাবিয়া। তিনি বলেন, “আমি আপিল করবো। লড়াই করবো। কারণ আমি নির্দোষ। এখানে আমার কোনও ভুল নেই। ভুল হলে অলিম্পিকের ডাক্তার শফিকের। তিনি আগে থেকেই আমাকে পছন্দ করেন না। তা না হলে প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ খাওয়ার পর এমনটি কেন হবে? তখন যদি বলতেন, আজ আমার এই দশা হতো না। এখানে আমার দায় কোথায়?”

অপরদিকে, পুরো ঘটনার দায় মাবিয়ার ওপরই দিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক শফিকুর রহমান। তিনি বলেন, “বড় গেমসের আগে আমরা অ্যাথলেটদের ডোপ টেস্ট করি। ইসলামিক সলিডারিটি গেমসের আগে ২৬ জনের নমুনা নেওয়া হয়। ডিসেম্বরের শেষ দিকে জানতে পারি মাবিয়ার ফল পজিটিভ এসেছে। আমরা তাকে বিষয়টি জানাই এবং জানতে চাই কেন সে আগে আমাদের জানায়নি। সাধারণত কনসালট্যান্টদের প্রেসক্রিপশন আমরা যাচাই করে দিই—কোনটা নিষিদ্ধ, কোনটা খাওয়া যাবে। তার ভুল হয়েছে, সে আমাদের জানায়নি। আমাদের ফোন করলেই পারত। এমনকি টেস্টের সময়ও সে প্রেসক্রিপশন দেখায়নি।”

উল্লেখ্য, মাবিয়া আক্তার সীমান্ত ২০১০ সালে মামার হাত ধরে ভারোত্তোলনে আসেন। ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী। আন্তর্জাতিক অঙ্গনে ২০১৬ দক্ষিণ এশীয় গেমসে ৬৩ কেজি বিভাগে স্বর্ণ জিতে বাংলাদেশের জন্য প্রথম সোনা এনে দেন। ২০১৯ সালে নেপালের পোখারায় আবারও স্বর্ণ জিতে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হন। কমনওয়েলথ গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ইসলামিক সলিডারিটি গেমসেও তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে ১৮০ কেজি তুলে ষষ্ঠ হন।

২৬ বছর বয়সী এই দেশসেরা ভারোত্তোলককে এখন নতুন করে ক্যারিয়ার বাঁচানোর লড়াইয়ে নামতে হচ্ছে।

/টিএ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ