দীর্ঘ আট বছর লিভারপুল থেকে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন মোহামেদ সালাহ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করে ট্রাবজনস্পোর। পরে ক্লাবের মাঠ পাপারা পার্কে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয় ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে। এর আগে নতুন সতীর্থদের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলনও করেছেন তিনি।
নতুন ক্লাবে যোগ দিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ সালাহ। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই ফরোয়ার্ড বলেন, ‘গত কয়েকটি দিন আমার জীবনের একেবারেই নতুন অভিজ্ঞতা। আজ ও গতকাল এখানে উপস্থিত থাকা প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, এমন অভ্যর্থনা আমি কখনোই আশা করিনি। আমি এখানে জিততে এসেছি।’
লিভারপুলের হয়ে ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন সালাহ। অলরেডদের জার্সিতে দুটি প্রিমিয়ার লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন মোট আটটি বড় শিরোপা। ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে মার্সিসাইডের ক্লাবটির ইতিহাসের সেরা ফুটবলারদের একজন সালাহ।
সাতবারের তুর্কি লিগ চ্যাম্পিয়ন ট্রাবজনস্পোর গত মৌসুমে লিগে তৃতীয় হয়েছিল। এবার অভিজ্ঞ এই ফরোয়ার্ডের হাত ধরে শিরোপা পুনরুদ্ধারের মিশন।









