মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে জাতীয় হকি দলের ব্যস্ততা কিছুটা কমেছে। টানা কঠোর অনুশীলনের ক্লান্তি এড়াতে এবং খেলোয়াড়দের চাঙ্গা রাখতে টিম ম্যানেজমেন্ট চার দিনের ছুটি ঘোষণা করেছে। তবে ছুটির মধ্যেও বেশ কয়েকজন খেলোয়াড় এখনও ক্যাম্প ছাড়েননি। আসন্ন এশিয়ান গেমসের আগে জার্মানিতে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার কথা রয়েছে পুরো দলের। যেকোনও মুহূর্তে ভিসা প্রক্রিয়াকরণের জন্য ঢাকার জার্মান অ্যাম্বাসি থেকে ডাক আসতে পারে। এই কারণে দূর-দূরান্তের খেলোয়াড়রা ঝুঁকি না নিয়ে ক্যাম্পেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, যাদের বাসা কাছাকাছি তারা ছুটির সময়টুকু পরিবারের সঙ্গে কাটাতে বাড়ি ফিরেছেন।
ক্যাম্পে অবস্থানরত জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল হক সাদ জানান, ছুটির মধ্যেও তারা বসে নেই। নিজেদের ফিটনেস ধরে রাখতে তারা প্রতিদিন সকাল ও বিকালে রানিং এবং হালকা অনুশীলন চালিয়ে যাচ্ছেন। ভিসা প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই পুরো দল পূর্ণাঙ্গ প্রস্তুতিতে ফিরতে মুখিয়ে আছে।









