বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার খুলনা কিংসের বিপক্ষে এই কীর্তি গড়েন সাকিব। রাজশাহী কিংসের ওপেনার রনি তালুকদারকে আউট করে ৫০তম উইকেটের স্বাদ পান ঢাকার অধিনায়ক।
৩৬ ম্যাচে সাকিব নিয়েছেন ৫০ উইকেট। এখন পর্যন্ত ইনিংস সেরা বোলিং ১৬ রান খরচ করে চার উইকেট। গত তিন আসরে ৪৮ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার ঢাকার জার্সিতে সাকিব প্রথম ম্যাচেই নেন ডেভিড মালানের উইকেট। দ্বিতীয় ম্যাচে এখন পর্যন্ত রনির উইকেট তুলে নিয়েছেন।
প্রথম আসরে খুলনা রয়্যালসের হয়ে খেলেছিলেন। ১১ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ১৫টি। দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে ১২ ম্যাচে নেন ১৫ উইকেট। তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১ ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট।
বিপিএলের উইকেট শিকারির তালিকাতে দ্বিতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেভন কুপার। প্রথম দুই আসরে চিটাগং কিংসের হয়ে খেললেও তৃতীয় আসরে বরিশাল বুলসের হয়ে খেলেন তিনি। এবারও অবশ্য তার দল খুলনা টাইটানস। যদিও এই আসরে এখন পর্যন্ত মাঠে নামা হয়নি ক্যারিবিয়ান এই পেস তারকার।
সব মিলিয়ে বিপিএলের তিন আসরে ২৯ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছিলেন কুপার। তার সেরা বোলিং ফিগার ১৫ রানে ৫ উইকেট। গত আসরে ৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন।
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় অবস্থানে আছেন মোশারফ হোসেন রুবেল। ৩০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৬টি। অন্যদিকে ৩৫টি ম্যাচ খেলে আরাফাত সানির উইকেট ৩৬টি। পঞ্চম অবস্থানে আছেন এনামুল হক জুনিয়র, ২৭ ম্যাচে তার ৩১ উইকেট।
/আরআই/এফএইচএম/








