ঢাকার হারের বৃত্ত চিটাগং ভাইকিংস ভেঙেছে ঘরের মাঠে এসে। চট্টগ্রামে চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় তুলে নিয়েছে স্বাগতিক ভাইকিংস।
টানা জয়ের এই আত্মবিশ্বাস ঢাকাতে নিয়ে যেতে চায় চিটাগং ভাইকিংস। ম্যাচ শেষে দলটির আফগান তারকা মোহাম্মদ নবী পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘টানা তিন জয় দল এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে। যা ঢাকায় পরবর্তী ম্যাচে কাজে দেবে। আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আশা করি ভালো অবস্থানে থেকেই সেরা চারে যেতে পারব।’
চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল বলে জানান নবী, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। জয় পাওয়ায় আমাদের পয়েন্ট টেবিলের অবস্থান দৃঢ় হয়েছে। আশা করি এটা ধরে রাখতে পারব।’
মঙ্গলবার ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ঠিকই সফল মোহাম্মদ নবী। ৩ ওভারে ১৬ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছেন আফগান এই ক্রিকেটার। যদিও চিটাগং ভাইকিংসের আগের তিন জয়ের ম্যাচসেরার পুরস্কার পাওয়া নবী এবার আর পুরস্কার পেলেন না।
তিনি বলেছেন, ‘যেভাবে পারফরম করছি, তাতে আমি খুশি। আজকে ব্যাটিংয়ে হয়নি, কিন্তু বোলিংয়ে হয়েছে।’
ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল না বলে মনে করেন নবী, ‘আজ ব্যাটিংয়ের জন্য উইকেট সহজ ছিল না। ভালো ব্যাটিং করায় বড় সংগ্রহ গড়তে পেরেছি আমরা। যা আমাদের জিততে সাহায্য করেছে।’
/আরআই/কেআর/








