বিপিএলে আজ শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৭০ রান করেছে ঢাকা ডায়নামাইটস। টসে জিতে ব্যাট করতে নামার প্রাথমিক উদ্দেশ্য সফল করে কুমিল্লাকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছে তারা।
দুই ওপেনার মেহেদী মারুফ ও শ্রীলঙ্কান তারকা কুমার সাঙ্গাকারার উদ্বোধনী জুটি ৪.৩ ওভারে ৩৮ রান করার পর বিচ্ছিন্ন হয়। স্পিনার নাবিল সামাদকে ডাউন দ্য উইকেট মারতে গিয়ে লিটন দাসের হাতে স্টাম্পড হন মারুফ। ১৭ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২২ রান করে সাজঘরে ফেরেন বিপিএলে এবারের আসরের অন্যতম সেরা ব্যাটসম্যাসটি।
ক্রিজে এরপর জুটি বাঁধেন শ্রীলঙ্কান ক্রিকেটের সর্বকালের দুই সেরা নাম। সাঙ্গাকারার সঙ্গে মাঠে যোগ দেন মাহেলা জয়াবর্ধনে। ৪৫ রান আসে তাদের দ্বিতীয় উইকেট জুটিতে। শুরুতে একটু ধীর গতিতে খেলা সাঙ্গাকারা রানের চাকায় গতি আনার উদ্যোগ নেন, শুরু করেন হাত খুলে খেলা। আফগান লেগ স্পিনার রশিদ খানের আর্ম বলে স্লগ করতে দিয়ে লাইন মিস করেন সাঙ্গাকারা। দেখেন ভেঙে গেছে তিন উইকেটের ভারসাম্য। চারটি চারে ২৮ বলে ৩৩ ছিল তার সংগ্রহ।
জয়াবর্ধনে তার স্বভাবসুলভ প্রয়োজনে সিঙ্গলস ও বাজে বল পেলেই মার ধারায় খেলে এগিয়ে চলছিলেন। তাকেও বোল্ড করেন রশিদ খান। সুইপ করতে গিয়ে বলে ব্যাটে করতে পারেননি মাহেলা, ‘থ্রু দ্য গেইট’ বা ব্যাট ও প্যাডের মাঝ দিয়ে বোল্ড হন ২৭ বলে চারটি চারে ৩১ রান করা সাবেক লঙ্কান অধিনায়ক।
দলকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব এসে পড়ে সাকিব আল হাসানের কাঁধে। সঙ্গে সহযোদ্ধা হিসেবে পান মোসাদ্দেক হোসেনকে। ১৮ বলে ২৫ রান করে নিজের কাজটি করে যান মোসাদ্দেক। ১৮ বলে দুটি চার ও একটি ছক্কায় ২৫ রান করে তিনি হন সোহেল তানভিরের বলে কট বিহাইন্ড।
সাকিব টিকে ছিলেন শেষ পর্যন্ত। ২৬ বলে ৪১ রান করে তিনি অপরাজিত রয়ে যান, আর দলকে দেন ১৭০ রানের বড় একটা সংগ্রহ। সেক্কুগে প্রসন্ন ছিলেন ১১ রানে অপরজিত।
/আরএম/কেআর/








