টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা তিন ম্যাচ হেরে এখন সেরা চারেও নেই তারা! ১০ পয়েন্ট নিয়ে দলটি এখন তালিকার পঞ্চম স্থানে। সেরা চারে যাওয়াটা অবশ্য নির্ভর করছে তাদের নিজেদের ওপরই। শেষ তিন ম্যাচের দুটিতে জিতলেই সেরা চার নিশ্চিত হয়ে যাবে রংপুরের।
রংপুর এখন তাকিয়ে সে দিকেই। ইনজুরির কারণে দলের নিয়মিত অধিনায়ক নাঈম ইসলাম খেলেননি। তার বদলে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিয়াম ডসন। পুরস্কার বিতরণী মঞ্চে এই ইংলিশ অলরাউন্ডার বলেছেন, ‘আমরা তিনটি জিতেছি, এখন টানা তিনটি হারলাম। আমাদের হাতে আরও তিনটি ম্যাচ আছে, প্রতিযোগিতায় টিকে আছি এখনও। আশা করছি সামনের ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলতে পারব।’
ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডসন বলেছেন, ‘আমরা শুরুটা ভালো করেছিলাম, কিন্তু মিরাজ ও ফরহাদের জুটি আমাদেরকে পিছিয়ে দেয়। ব্যাটিংয়ে আমরা ভালো ছিলাম না। সব মিলিয়ে দিনটা আমাদের ছিল না।’
/আরআই/








