ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মঈন আলী কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এখন তিনি ডক্টর মঈন আলী।
উস্টারশায়ারের হয়ে দীর্ঘদিনের ক্যারিয়ার শেষে তাদের প্রতিদ্বন্দ্বী ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন এই অলরাউন্ডার। কভেন্ট্রি ক্যাথেড্রালে একটি অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয় তাকে।
ক্রিকেট খেলায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মঈনকে এই সম্মাননা দেওয়ার কথা বলেছে বিশ্ববিদ্যালয়টি।
বার্মিংহ্যামে জন্ম নেওয়া সাবেক ইংল্যান্ড অধিনায়ক ৬৮ টেস্ট, ১৩৮ ওয়ানডে ও ৯২ টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছেন।
ইংল্যান্ডকে ১৩ ম্যাচে নেতৃত্ব দেওয়া মঈন বলেছেন, অন্য শিক্ষার্থীদের সঙ্গে কাটানো এই দিন ছিল তার কাছে বিশেষ।
গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া এই অলরাউন্ডার বলেছেন, ‘তারা যেটা করতে চায়, সেটা করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করা ও আত্মবিশ্বাসী করে তোলা ছিল আমার এই পথচলার বিরাট অংশ। আমি আমার সেরা চেষ্টা করেছি। আমি ইংল্যান্ডের হয়ে খেলা শেষ করেছি। এখন অনেকে আমার কাছে এসে বলে, ‘তুমি খেলেছ, যেভাবে খেলেছ, সেজন্যই আমার সন্তানেরা খেলে, আমি খেলি।’ এই কথাই আমার ক্রিকেট ক্যারিয়ারের সত্যিকারের সাফল্য।’
মঈন আরও জানান, ২০১৭ সালে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সেরা মুহূর্ত।









