ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করায় আইসিসি'র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডস। তার দাবি, ভারতকে বাড়তি সুবিধা দিয়ে আসছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাটি ভারতের জন্য একরকম নিয়ম আর ওয়েস্ট ইন্ডিজের জন্য অন্য নিয়ম পালন করছে।
সম্প্রতি দুবাইয়ে আইসিসি'র বৈঠকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের আচরণের নিন্দা করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তাদের আচরণ যথাযথ ছিল না। স্যামি-গেইল-ব্রাভোরা এই প্রতিযোগিতার নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না বলে মন্তব্য করে আইসিসি।
আইসিসির এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন ভিভ। তিনি রেফারেল সিস্টেম নিয়ে ভারতের আপত্তির কথা উল্লেখ করে বলেন, 'আইসিসি যদি ক্রিকেটের নিয়ামক সংস্থা হয়, তাহলে সব দেশকেই নিয়ম মানতে হবে। কিন্তু ভারত বছরের পর বছর ধরে কিছু নিয়ম মানছে না।'
ওয়েস্ট ইন্ডিজের দলের অধিনায়ক ড্যারেন স্যামি, অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো ও মার্লন স্যামুয়েলস তাদের দেশের ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করেন। এই কারণেই আইসিসি ক্যারিবিয়ানদের নিন্দা করেছে বলে মনে করেন ভিভ। সেই কারণেই তিনি পাল্টা তোপ দেগেছেন।
/এমআর/







