বাংলাদেশ দলে সংক্ষিপ্ত ফরম্যাটের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠছেন সাব্বির রহমান রুম্মন। দিন দিন নিজের যোগ্যতা জানান দিচ্ছেন তরুণ এই ক্রিকেটার। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন নম্বরে ব্যাটিং করলেও ওয়ানডেতে তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ নেই তার। তবে প্রিমিয়ার লিগে তিন নম্বরে ব্যাটিং করে নিজের আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে আমার তিন নম্বরে ব্যাটিং করার সুযোগ নেই। প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েছি। তাই কাজে লাগাচ্ছি। ভবিষ্যতেও কাজে লাগাবো।’
তিনি আরও যোগ করেন, ‘রান সব সময় আত্মবিশ্বাস বাড়ায় যে কোনও খেলোয়াড়ের জন্যই। এটা যদি আমি নিয়মিত করতে পারি তাহলে আন্তর্জাতিকেও অনেক বেশি আত্মবিশ্বাস পাবো।’
লিগের চতুর্থ রাউন্ড শেষে সাব্বির রহমানের সংগ্রহ ২০০ রান। বুধাবর শেখ জামালের বিপক্ষে ১০০ রানের ইনিংসও খেলেছেন তিনি।
লিগ শেষে নিজেকে কোথায় দেখতে চান-এমনটা জানতে চাইলে সাব্বির বলেন, ‘এখনও ওভাবে পরিকল্পনা করিনি। আশা করছি যেভাবে হচ্ছে সেভাবে করতে পারলে বড় রান করতে পারবো।’
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি হলেও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেছেন রুম্মন। স্বভাবতই ভালো লাগার কথা রুম্মনের। নিজের অনুভূতি জানাতে গিয়ে সাব্বির বলেন, ‘সেঞ্চুরি, হ্যাঁ অবশ্যই ভালো লাগছে। প্রিমিয়ার লিগ, প্র্যাকটিস ম্যাচ যেখানেই হোক না কেনও; রান করতে পারলে ভালো লাগে।’
সেঞ্চুরি নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে সাব্বির বলেন, ‘তখন যেহেতু ৩০-৪০ হয়ে গেছে, ব্যাটসম্যান হিসেবে উইকেটে আমি সেট। ওই সময় আমার লক্ষ্য ছিল ইনিংসটাকে বড় করার।’
আপনার জন্য এই সেঞ্চুরিটা কতোটা গুরুত্বপূর্ণ? এ প্রসঙ্গে সাব্বির বলেন, ‘আসলে রান সব জায়গাতেই গুরুত্বপূর্ণ, সেটা ওয়ানডে, টেস্ট বা টি-টোয়েন্টি হোক না কেনও। আমি সব সময় নিজের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করি। প্রথম দুটি ম্যাচে সেভাবে কিছু করতে পারিনি। তৃতীয় ও চতুর্থ ম্যাচে নিজের শক্তি নিয়ে খেলেছি। পরবর্তী ম্যাচগুলো এভাবেই খেলতে চাই।’
বুধবার শেখ জামালের বিপক্ষে বল হাতে সফল ছিলেন সাব্বির। তিনি ৬ ওভারে ৩৫ রান খরচায় দুটি উইকেট নিয়েছেন। নিজের বোলিং নিয়ে সাব্বির বলেন, ‘আমি সব সময় আগ্রহী বোলিং করার জন্য। সব সময় আমি অধিনায়ককে বলি বোলিং দাও, বোলিং দাও। কিন্তু দলের অবস্থার জন্য অনেক সময় বোলিং করা হয় না। আজ বল করে আমি খুশি। বোলিং করেছি, খুব ভালো লাগছে।’
/আরআই/এফআইআর/








