শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচটি ঘিরে এরই মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তিন রাউন্ড শেষ দুই দলের পয়েন্ট সমান হওয়ায় বাড়তি উত্তেজনা যোগ হয়েছে। ম্যাচটি ঘিরে বৃহস্পতিবার মিরপুরের একাডেমিতে অনুশীলন করেছেন দুই দলের ক্রিকেটাররা।
অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। ম্যাচটি জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। জয়ের ভীত গড়তে দ্রুত মোহামেডানের মুশফিক ও বিদেশি ক্রিকেটার উপুল থারাঙ্গাকে ফেরাতে চায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।
ম্যাচটি নিয়ে শামসুর রহমান বলেন, ‘এখনও আমাদের টিম মিটিং করিনি। অনুশীলনের পর আমরা টিম মিটিং করবো; আসলে প্রতিপক্ষ কিছু ক্রিকেটারকে নিয়ে পরিকল্পনা করবো। মোহামেডান খুব ভালো ফর্মে আছে। বিশেষ করে মুশফিক ও থারাঙ্গা। অবশ্য এই দুজনকে যদি দ্রুত আউট করতে পারি ফলটা আমাদের দিকে আসবে।’
সুপার লিগে নিজেদের দেখতে চান গাজী গ্রুপের টপ অর্ডার এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘শেষ তিনটা ম্যাচে আমরা আমাদের স্পিন বিভাগ থেকে ওই রকম ফল পাইনি। আমার মনে হয় খেলোয়াড়রা অনেক হার্ড ওয়ার্ক করছে। বাড়তি কাজ করছে। আশা করি সুপার লিগে আমরা খেলতে পারবো।’
/আরআই/এমআর/








