কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে প্রিমিয়ার লিগে এবারের মৌসুম খেলছেন রবিউল ইসলাম শিবলু। এখন পর্যন্ত তিনটি রাউন্ড খেললেও জয়ের মুখ দেখেনি মাশরাফির নেতৃত্বে খেলা কলাবাগান ক্রীড়া চক্র।
তবে তুলনামূলক খর্বশক্তির এই দলটি শুক্রবার ফতুল্লায় মুখোমুখি হচ্ছে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে। সিসিএসও এখন অব্দি জয়ের দেখা পায়নি। দুই দলের মধ্যে কাগজে কলমে শক্তিশালী দল কলাবাগান ক্রীড়া চক্র। সে হিসেবে মৌসুমের প্রথম জয় হয়তো ধরা দেবে কলাবাগানের পক্ষে!
বৃহস্পতিবার সকালে মিরপুরের একাডেমিতে অনুশীলন করেছে কলাবাগান ক্রীড়া চক্র। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কলাবাগানের হয়ে খেলা পেসার রবিউল ইসলাম শিবলু।
টানা তিন হার। পরের ম্যাচ সিসিএসের সঙ্গে। ম্যাচটি কিভাবে দেখছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রতিটা ম্যাচই ভাইটাল। সেটা যে কোনও ম্যাচই হোক। ম্যাচ বাই ম্যাচ আমরা যাচ্ছি। প্রথম তিনটা ম্যাচ আমরা হেরে গেছি। প্রথম ম্যাচে আমরা বাজে ক্রিকেট খেলেছি। তবে পরের দুটি আমরা ভালো খেলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হেরে গেছি। পরবর্তী ম্যাচ আমাদের সিসিএসের সঙ্গে। এই ম্যাচ দিয়েই আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবো।’
দল তুলনামূলক খারাপ নয়। তারপরও টানা তিন ম্যাচে হার কতটা হতাশার? এ প্রশ্নে শিবলু বলেন, ‘আসলে এমন কিছু না। মূলত আমরা কিছু কিছু বিষয় ভুল করে ফেলেছি। যার কারণেই হারতে হয়েছে।’
কোচ, অধিনায়ক কিভাবে আপনাদের বুস্ট-আপ করছেন? এ প্রশ্নে তিনি জানান, ‘প্রথম ম্যাচের আগে থেকেই যখন আমরা অনুশীলন শুরু করেছি তখন থেকেই আমরা সবার সঙ্গে সম্পৃক্ত আছি। ম্যাচ হারার পর ওটা নিয়ে আলোচনা করি। ভুলগুলো নিয়ে আলোচনা করি।’
সুপার লিগের জন্য এই ম্যাচটাকে কিভাবে দেখছেন? শিবলু বলেন, ‘সুপার লিগে যেতে এখনও আটটা ম্যাচ বাকি। আট ম্যাচ পর সুপার লিগ। ওটা নিয়ে এখন চিন্তা করছি না। ম্যাচ বাই ম্যাচ নিয়ে আমরা ভাবছি।’
/আরআই/এফআইআর/








