বিরাট কোহলির দুর্দান্ত শতকে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুনের দেওয়া ১৯৩ রানের টার্গেটে খেলতে নেমে কোহলির শতকে ৭ উইকেটের জয় তুলে নেয় দলটি। ৫৮ বলে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি। যার মধ্যে ছিল ৭টি ছক্কা ও ৮টি চারের মার।
প্রতিপক্ষের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মাত্র ৬ বলে ১৬ করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন পুনের ওপেনার উসমান খাজা। তবে দুর্দান্ত ফর্মে থাকা রাহানে ও সৌরভ তিওয়ারির ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় পুনে। দু`জন মিলে গড়েন ১০৬ রানের জুটি। তিওয়ারি ৩৯ বলে ৫২ আর রাহানে ৪৮ বলে ৭৪ রান করেন।
শেষ দিকে পেরেরা ৮ বলে ১৪ আর আশ্বিন ৫ বলে ১০ রান করলে ১৯১ রানের বড় সংগ্রহ পায় ধোনির পুনে। আরসিবির হয়ে ওয়াটসন নেন ৩ উইকেট।
১৯২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা দারুণ করে বেঙ্গালুরু। ১১.১ ওভারের ওপেনিং জুটিতে আসে ৯৪ রান। ৩৫ বলে ৩৮ রান করে লোকেশ রাহুল বিদায় নেন। মাত্র ১ রান করে ফিরে যান এবি ডি ভিলিয়ার্স। ১৩ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস রেখে বিদায় নেন ওয়াটসনও। তবে একপ্রান্ত আগলে ছিলেন বিরাট কোহলি। তার ৫৮ বলে ১০৮ রানের ইনিংসে ৩ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।
/এমআর/








