প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমে বৃহস্পতিবার প্রথমবারের মতো মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী। আবাহনীর বোলিং আক্রমণ পেস নির্ভর হলেও মোহামেডানের বোলিং আক্রমণ স্পিন নির্ভর।
গত পাঁচ রাউন্ডে অন্য দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সাফল্য পেয়েছে পেসারদের হাত ধরে। এদের ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম মোহামেডান ক্লাব। তারা স্পিনাদের দিয়েই সাফল্য তুলে নিয়েছে। আবাহনীর বিপক্ষেও স্পিানদের নিয়ে আশাবাদী মোহামেডানের কোচ। এছাড়া দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও মুশফিকের ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন তিনি। তাকিয়ে থাকা খুব স্বাভাবিক। চলতি আসরে মুশফিক এখন পর্যন্ত ২৫০ এবং উপুল থারাঙ্গা ২৯৯ রান করেছেন।
বুধবার মিরপুর একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মোহামেডানের কোচ সোহেল ইসলাম। তিনি বলেন, ‘অবশ্যই তাদের রান আগামী ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু তারা রানে আছে, তাদের কাছে এটা প্রত্যাশা করবোই। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেউ বড় রান করলে দলের জন্য ম্যাচ জেতাটা সহজ হয়ে যায়।’
শুধু তাই নয় মোহামেডানের কোচ সোহেল ইসলাম স্পিনাদের নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘আমরা স্পিন নির্ভর দল। আমি মনে করি আমাদের স্পিনাররা ভালো মানের। এছাড়া তারা বেশ অভিজ্ঞ। দলে নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, নাঈম ইসলাম জুনিয়র, নাঈম ইসলাম ও জনির মতো ভালো মানের স্পিনার রয়েছে। আমার বিশ্বাস এই স্পিন শক্তি নিয়ে আমরা প্রতিপক্ষকে আটকাতে পারবো।’
পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মোহামেডান। তবুও স্বস্তি প্রকাশ করছেন না মোহামেডানের এই কোচ। তিনি বলেন, ‘এই আসরে আটটি দল, প্রায় সবাই ব্যালেন্স দল গড়েছে। তাই শীর্ষে থেকেও স্বস্তিতে থাকার কোনও কারণ নেই। যতক্ষণ পর্যন্ত ৭-৮ ম্যাচ না জিতবো স্বস্তিতে থাকতে পারছি না।’
আম্পায়ারিং নিয়ে কোনও অভিযোগ আছে কিনা জানতে চাইলে সোহেল ইসলাম বলেন, ‘যতগুলো ম্যাচ খেলেছি আমরা এই ধরনের পরিস্থিতিতে পড়িনি। আমার কাছে মনে হচ্ছে আম্পায়ারিং অনেক ভালো হচ্ছে।’
/আরআই/এমআর/








