বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান। ম্যাচের আগে মিরপুর একাডেমিতে দুই দলের ক্রিকেটারদের চলছে যুদ্ধে নামার প্রস্তুতি।
মুখোমুখি হওয়ার আগে আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল এগিয়ে রাখছেন প্রতিপক্ষ মোহামেডানকে। বুধবার মিরপুরের একাডেমিতে অনুশীলনের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
তামিম বলেন, ‘প্রস্তুতি আমরা ভালোই নিয়েছি। আমার কাছে মনে হয় দল হিসাবে আমাদের আরও অনেক ভালো খেলা উচিৎ। শেষ যে কয়টা ম্যাচ খেলেছি তাতে তিনটি ম্যাচ জিতেছি। তবে আমার মনে হয় না আমরা সেরা ক্রিকেট খেলতে পেরেছি। এই টুর্নামেন্টে ভালো অবস্থানে থাকতে এর চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। মোহামেডান টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে জিততে হলে, আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে।'
দুই পরাশক্তির লড়াই ক্রিকেটারদের কাছেও বাড়তি রোমাঞ্চের। তামিম বলেন, 'এই অনুভূতি আমাদের সবার মধ্যেই আছে। আমি নিশ্চিত মোহামেডানেরও খেলোয়াড়দের মধ্যেও আছে। এছাড়া দর্শকদের মধ্যে দুই দলের লড়াই নিয়ে বাড়তি উন্মাদনা থাকে। আমরা চেষ্টা করবো এই চ্যালেঞ্জটা জেতার। টিম হিসেবে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে। পাঁচটা ম্যাচে দুইটা হেরেছি তিনটা জিতেছি কিন্তু আমরা জানি আমরা এখনও আমাদের সেরা খেলা খেলতে পারি নি।'
পেস বোলিং ইউনিট নিয়ে দুশ্চিন্তা আছে কিনা জানতে চাইলে তামিম বলেন, ‘একটি টিম যখন ভালো খেলে না তখন অনেক কিছু নিয়েই দুশ্চিন্তা থাকে। পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন আর ব্যাটিং বলেন। আমরা আমাদের সেরা খেলার কাছাকাছি আছি, খুব একটা ভালো খেলছি না।'
তরুণদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে তামিম বলেন, ‘এটা খুব ইতিবাচক তরুণরা ভালো করছে। এটাও ঠিক যারা জাতীয় দলে খেলে তারা ডমিনেট করছে এবারের মৌসুম। এটাও খুব ভালো দিক। তবে লিগে এখন পর্যন্ত মাত্র চার পাঁচটা ম্যাচ গিয়েছে। এখনও আরও প্রায় ১০টা ম্যাচ বাকি আছে। দিন শেষে যারাই ভালো খেলবে ব্যক্তিগতভাবে তাদেরই লাভ হবে।'
/আরআই/এমআর/








