বল হাতে অনেকবারই দলের জয়ে ভূমিকা রেখেছেন মাশরাফি বি
ন মুর্তজা। তবে ব্যাট হাতে মাঝে-মাঝে জ্বলে উঠলেও বোলারদের মধ্যে এমন আতঙ্ক ছড়ালেন বোধহয় এই প্রথম! শনিবার ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় শেখ জামালের বিপক্ষে ৬ নম্বরে ব্যাট করতে নেমে খেললেন এক টর্নেডো ইনিংস। কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফির ব্যাট থেকে এদিন এসেছে ৫১ বলে ১০৪ রানের ইনিংস।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তথা লিস্ট ‘এ’ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ রঙিন জার্সির অধিনায়ক। এই এক সেঞ্চুরি দিয়েই দুটি রেকর্ড গড়ে ফেলেছেন মাশরাফি। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার পাশাপাশি এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটিও নিজের করে নিয়েছেন তিনি।
এদিন মাত্র ৫০ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন মাশরাফি। বাংলাদেশের হয়ে যে কোনও ফরম্যাটের ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি এটি। এর আগে এ রেকর্ড দখলে ছিল সাকিব আল হাসানের। জিস্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে বুলাওয়াওয়েতে ২০০৯ সালে এ সেঞ্চুরিটি করেছিলেন সাকিব।
আর ছক্কার রেকর্ডটি ছিল আরও তরতাজা। গত জানুয়ারিতেই লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে এনামুল হক বিজয় মেরেছিলেন ১০টি ছক্কা। এদিন ১১ ছক্কা মেরে সে রেকর্ড ভাঙলেন মাশরাফি।
/আরআই/এমআর/








