বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে একযোগে কাজ করার লক্ষ্যে ৩ বছরের জন্য কৌশলগত চুক্তি সই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটির ডিরেক্টর ও চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, রবির ডিরেক্টর ও সিইও সুপুর বীরাসিংহে এবং রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ।
চুক্তির আওতায় আগামী তিন বছর বিসিবির সঙ্গে যৌথভাবে দেশব্যাপী ট্যালেন্ট হান্ট কার্যক্রম পরিচালনা করবে রবি। এরইমধ্যে চলতি বছরের শুরুতে রবি-বিসিবি যৌথ উদ্যোগে ফাস্ট বোলিং ট্যালেন্ট হান্ট কার্যক্রম শেষ হয়েছে। শুধু তাই নয় হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া ক্রিকেটার অ্যাওয়ার্ড নাইট চলতি বছর পুনরায় চালু হতে যাচ্ছে। এ চুক্তির আওতায় আগামী তিন বছর সকল পর্যায়ে অবদান রাখা সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। যার পৃষ্ঠপোষকতা করবে রবি।
তৃতীয়ত, চুক্তি অনুসারে টেলিকম পার্টনার হিসেবে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, বিসিবির পরিচালকবৃন্দ ও কর্মকর্তাদের জন্য ফ্রি টক টাইম, ডাটা ও ভ্যাস (ভিএএস) সম্বলিত বিশেষ বান্ডেল অফারসহ স্মার্টফোন প্রদান করবে অপারেটরটি।
কাজী ইনাম আহমেদ তার বক্তব্যে বলেন, ‘আমরা খুব গর্বিত, বাংলাদেশি কোম্পানি হিসেবে রবি ক্রিকেটে এগিয়ে এসেছে। রবি আমাদের স্পন্সর হওয়ার সঙ্গে খেলার মাঠেও আমাদের পারফরম্যান্সও অনেক উন্নতি হয়েছে। যে মুহূর্তে আমরা টাইগারদের বৈশ্বিক সাফল্যে গর্বিত, ঠিক সেই মুহূর্তে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে খেলাটির উন্নয়নে আমাদের মনোযোগ দেওয়া উচিত। জাতীয় ক্রিকেট দলের দায়িত্বশীল পৃষ্ঠপোষক হিসেবে রবি এগিয়ে আসায় আমরা সত্যিই আনন্দিত।’
কৌশলগত চুক্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির সিনিয়র সহ-সভাপতি বলেন, ‘বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কৌশলগত চুক্তি করার ব্যাপারে আগ্রহী হয়েছি। আমাদের পাঁচ বছর মেয়াদী একটি পরিকল্পনা রয়েছে। আমরা সেখানে রবিকে তিন বছরের জন্য কৌশলগত পার্টনার হিসেবে পেয়েছি। যেখানে বেশ কিছু কর্মকাণ্ডে তারা কৌশলগত পার্টনার হিসেবে থাকবে।’
তিনি আরও যোগ করেন, ‘মুস্তাফিজের মতো আরও ট্যালেন্ট খুঁজে বের করার জন্য আমরা অনেক কর্মকাণ্ড করে থাকি। সেটাকে বৃহৎ আকারে করতে গেলে আমাদের কৌশলগত পার্টনার প্রয়োজন। এজন্য রবিকে নেওয়া। আমরা শুধু ফাস্ট বোলিং হান্ট করবো তা নয়, আমরা স্পিন, ব্যাটিং এমনকি উইকেট কিপার হান্ট কার্যক্রমও চালাবো।’
চুক্তিটি সম্পর্কে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সুপুর বীরাসিংহে বলেন, ‘শুধু দেশের ক্রিকেটের উন্নয়নেই নয়, দেশ ও দেশের বাইরে যোগাযোগের জন্য বিসিবি, মোবাইল কমিউনিকেশন পার্টনার হিসেবে রবির ওপর আস্থা রাখায় আমরা আনন্দিত ও গর্বিত। আমি নিশ্চিত কৌশলগত এই চুক্তির ফলে দেশের বিভিন্ন প্রান্তের মেধাবী ক্রিকেটার জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন।’
/আরআই/এমআর/








