ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাদার্স ইউনিয়ন। ৬ ম্যাচে তিন জয়ে তাদের পয়েন্ট ৬। বুধবার তারা বিকেএসপিতে খেলবে পয়েন্ট টেবিলের নিচে থাকা আরেক প্রতিপক্ষ কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে। সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট।
ম্যাচটিকে ঘিরে মঙ্গলবার মিরপুরের একাডেমিতে কঠোর অনুশীলন করেছে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রীড়া চক্রের ক্রিকেটাররা। অনুশীলন শেষে ব্রার্দাসের ক্রিকেটার শাহরিয়ার নাফিস সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি চলতি লিগে সুপার সিক্সে খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা আশাবাদী। প্রস্তুতিও ভালো, শেষ ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি। আশা করি ভালো খেলে জয় নিয়ে আসতে পারবো।’
তিনি আরও যোগ করেন, ‘সব ম্যাচই চ্যালেঞ্জিং, এটা শুধু ব্রাদার্সের জন্য না সব দলের জন্য। টপ থেকে শুরু করে বটম পর্যন্ত সবার জন্যই। এর আগে যারা ভালো ক্রিকেট খেলেছে, তারাই জিতেছে। আগামীকালও (বুধবার) যারা ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে।’
ব্যাটিং লাইনআপ নিয়ে চিন্তিত নন ব্রাদার্সের এই ওপেনার। তিনি বলেন, ‘আমরা প্রত্যেকেই ভালো সূচনা পাচ্ছি। যেহেতু ভালো শুরু করতে পারছি, তাই ব্যাটসম্যানদের মাঝে আত্মবিশ্বাস আছে। আগামী ম্যাচে হয়তো অন্য কেউ জ্বলে উঠবে। অথবা আমরা সবাই ভালো খেলবো।’
মাশরাফির কলাবাগান ছন্দে ফিরেছে। কলাবাগানের বিপক্ষে আপনাদের পরিকল্পনা কী থাকছে জানতে চাইলে শাহরিয়ার নাফিস বলেন, ‘কলাবাগান দল হিসেবে ভালো, তাদের বেশ কিছু ভালো ক্রিকেটার আছে। আর এবারের লিগে কোনও ম্যাচই সহজ হচ্ছে না। সব ম্যাচেই প্রতিযোগিতা হচ্ছে। আশাকরি কালকেও প্রতিযোগিতামূলক ম্যাচ হবে এবং যে দল ভালো খেলবে তারাই জিতবে।’
/আরআই/এফআইআর/








