আইপিএলের এলিমিনেটর রাউন্ডে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে বিদায় নিয়েছে সাকিবদের কলকাতা নাইট রাইডার্স। আর এতেই শেষ হয়ে গেছে সাকিবের আইপিএল মিশন। শুক্রবার বিকাল ৫টায় দেশে ফেরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশে ফিরেই শনিবার বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে সাকিবকে। আইপিএলের এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হারে সুবিধাই হয়েছে আবাহনীর। ওই হারে একটু আগে ভাগেই দেশে ফিরতে পেরেছেন এই অলরাউন্ডার।
প্রসঙ্গত, এলিমিনেটর রাউন্ডে কেকেআর সাকিবকে খেলায়নি। এজন্য অবশ্য সমালোচনা সইতে হয়েছে কেকেআরের অধিনায়ক গৌতম গাম্ভিরকে।
প্রিমিয়ার লিগ শেষ হতেই শুরু হবে সাকিবের সিপিএল মিশন। ১ লাখ ১০ হাজার ডলারে জ্যামাইকা তালওয়ালস সাকিবকে কিনে নিয়েছে। সেখানে ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গাকে টিমমেট হিসেবে পাবেন সাকিব। সিপিএল শুরু হবে ২০ জুন।
/আরআই/এমআর/








