আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদ দলে নেই মুস্তাফিজুর রহমান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আজ গুজরাট লায়ন্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি চলতি আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স করা মুস্তাফিজ। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
টস জয়ের পর ওয়ার্নার বলেন, 'মুস্তাফিজ হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছে। তবে তা তেমন গুরুতর নয়। তার বদলে খেলছে ট্রেন্ট বোল্ট।'
আইপিএলে ১৫ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শীর্ষ দশ বোলারের তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন মুস্তাফিজ। শুধু তাই নয়, আইপিএলের সর্বোচ্চ ১০ ম্যাচ খেলা বোলারদের ভেতরে তার ইকোনমি সবথেকে কম।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিতে যারা জয় লাভ করবে তারা ২৯ তারিখে অনুষ্ঠিতব্য ফাইনালে খেলবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
/আরআই/এমআর/







