ঘরোয়া ক্রিকেটে সম্পৃক্ত করতেই জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ার্কিং কমিটির সভা শেষে বিসিবি সভাপতি একথা বলেন।
পাপনের মতে, আন্তর্জাতিক সিরিজের বাইরে হাথুরুসিংহেকে পাওয়া যায় না। ঘরোয়া ক্রিকেট চলাকালীন বেশিরভাগ সময় ছুটিতেই থাকেন তিনি।কিন্তু নির্বাচকদের মতো ঘরোয়া ক্রিকেটে কোচকেও মাঠে চান বিসিবি সভাপতি। নতুন ক্রিকেটারদের খেলা দেখা থেকে শুরু করে সব ক্রিকেটারদের আরও কাছ থেকে দেখার জন্যই তাকে নির্বাচক প্যানেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ঘরোয়া ক্রিকেটের ম্যাচ দেখা হাথুরুসিংহের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, 'আমি চাই কোচও খেলা দেখুক। কোচের যখন সময় থাকে, তখন বসে না থেকে খেলা দেখুক। উদীয়মান যে খেলোয়াড় আছে তাদের কথা যেন সবাই জানে। হঠাৎ একটা নাম এলো যাকে কোচ চেনেন না বা জানেন না, এমন যেন না হয়।’
কিন্তু গত বিপিএল-এর সময় ছুটিতে ছিলেন হাথুরুসিংহে। চলতি প্রিমিয়ার লিগেও ছুটিতে আছেন তিনি। এমন হলে তিনি কিভাবে ঘরোয়া লিগের ম্যাচ দেখবেন- এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘কোচ সিলেকশনের সঙ্গে সম্পৃক্ত না থাকলে কী করবে। এটা যেন না করতে পারে সে জন্যই তাকে অন্তর্ভুক্ত করা।’ কোচকে খেলা দেখা বাধ্য করা হবে কিনা জানতে চাইলে নাজমুল হাসান বলেন, ‘অবশ্যই, সব খেলা যে দেখবে তা না। তবে এটাও তার দায়িত্ব।’
/আরআই/এমআর/







