দিনেশ চান্দিমালের দারুণ ব্যাটিংয়ে ইনিংস পরাজয় এড়িয়েছে শ্রীলঙ্কা। তবে তাতে অপেক্ষার পালা ফুরিয়েছে অ্যালিস্টার কুকের। এদিন ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কুক। একই সঙ্গে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে (৩১ বছর ৩২৬ দিন) পেছনে ফেলে সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ হাজার রান করার রেকর্ডও গড়েন কুক (৩১ বছর ১৫৭ দিন)।
চেস্টারলি স্ট্রিটে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে মাত্র ৭৯ রানের লক্ষ্য বেধে দিয়েছিল শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে নেমে অবশ্য আলেক্স হেলসের উইকেট হারাতে হয়েছে ইংল্যান্ডকে। বাকি কাজ অ্যালিস্টার কুক আর নিক কম্পটন মিলে শেষ করে দিয়ে আসেন।
এই টেস্টেও ইনিংস পরাজয় ঘটতো শ্রীলঙ্কার। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৪৯৮ রানের জবাব দিতে গিয়ে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যান ম্যাথুজরা। ৩৯৭ রানে পিছিয়ে থেকে ফলোঅনে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে কোনওমতে লজ্জা এড়ায় সফরকারীরা।
শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৪৭৫ রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা। তবে প্রথম ইনিংসে দ্রুত আউট হওয়ার কারণে মাত্র ৭৮ রানের লিড পায় তারা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার ওঠে জেমস অ্যান্ডারসনের হাতে।
প্রথম টেস্টে ইনিংস ও ৮৮ রানের ব্যবধানে জয়। দ্বিতীয় টেস্টে এসেও ৪ দিনে ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড। শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিল এক ম্যাচ হাতে রেখেই।
/এমআর/








