ওয়ালট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের দশম রাউন্ডের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলকে ৫ উইকেটে হারিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় জয় তুলে নিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে সিসিএস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন অমিত মজুমদার। ইনজুরি কাটিয়ে ফেরা মোহাম্মদ সাইফুদ্দিন ২৮ ও আশরাফুন নবী খেলেন ২৭ রানের ইনিংস।
১০ ওভারে ৩৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মাহমুদুল হাসান লিমন। এছাড়া দুই উইকেট নেন জতিন সাক্সেনা।
১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৬.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১১১ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে কিছুটা সময় নষ্ট হওয়ায় ৪৯ ওভারে ১৮৪ রানের নতুন লক্ষ্যমাত্রা পায় দলটি।
ভারতীয় ব্যাটসম্যান জতিন সাক্সেনার ৮৭ ও মাহমুদুল হাসানের ৪৬ রানের ইনিংসে ভর করে ৪০.১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কলাবাগান ক্রিকেট একাডেমি। তৃতীয় উইকেটে সাক্সেনা ও মাহমুদুল ১০৯ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে ধাবিত করেন। তাপস ঘোষ ১৬ ও নুরুজ্জামান ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
সিসিএসের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও সালেহ আহমেদ শাওন। এছাড়া মোহাম্মদ সাইফুদ্দিন নেন একটি উইকেট।
/আরআই/এফআইআর/








