ওয়ালটন প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। ম্যাচটিতে ৬ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। সাজেদুলের বলে স্ট্রেইট ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে প্রাইম দোলেশ্বরের জয়সূচক রানটি করেন অলরাউন্ডার ফরহাদ রেজা।
এই জয়ের ফলে চলতি লিগে সবার আগে সুপার লিগ নিশ্চিত করলো তারা। ১০ ম্যাচে ৭ জয় নিয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে প্রাইম দোলেশ্বর।
আগে ব্যাটিং করে গাজী গ্রুপ ক্রিকেটার্স নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গাজী গ্রুপ। দলীয় ১২ রানে শামসুর রহমান ৭ রানে ফিরে গেলে তিন নম্বরে নামা মেহেদী হাসানও (২৪) খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না। এনামুল-মেহেদী মিলে দ্বিতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়েন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ব্যক্তিগত ১৮ রান করে সাজঘরের পথ ধরেন এনামুল হক বিজয়।
টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে সফল হয়েছেন কেবলমাত্র ইলিয়াস সানি। তিনি ৬৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন। তিনি যখন সাজঘরে ফেরেন; তখন গাজী গ্রুপ ক্রিকেটার্সের রান সংখ্যা ৭ উইকেটে ১৫১। শেষ দিকে মোহাম্মদ শরিফ (৩৯) ও ফরহাদ হোসেনে (২৩) ভর করে ২১৩ রান সংগ্রহ করে দলটি।
প্রাইম দোলেশ্বরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন অশোক মানেরিয়া। এছাড়া ফরহাদ রেজা দুটি উইকেট নিয়েছেন।
২১৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রাইম দোলেশ্বরের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১২ রানের মধ্যে ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ফিরে যান সাজঘরে। দ্বিতীয় উইকেটে রবিউল ইসলাম রবির সঙ্গে রকিবুল হাসান ৪০ রানের জুটি গড়েন। এরপর রকিবুল হাসান ২১ রানে ফিরে গেলে ক্রিজে নামেন নাসির হোসেন। তৃতীয় উইকেট হিসেবে পতন ঘটে রবিউল ইসলাম রবির। তিনি ফেরেন ব্যক্তিগত ৩২ রানে।
চতুর্থ উইকেটে নাসির হোসেন ও অশোক মানেরিয়া ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। নাসির হোসেন ৪০ রান করে মোহাম্মদ শরীফের বলে বোল্ড হলেও এক প্রান্তে অবিচল ছিলেন অশোক। এরপর রনি তালুকদার ৪০ রান করে আউট হলে অশোক ও ফরহাদ রেজা ম্যাচ জিতে মাঠ ছাড়েন।
অশোক মানেরিয়া ৬১ বলে ৫৯ রানে এবং ফরহাদ রেজা ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের মধ্যে সাজেদুল ইসলাম, মোহাম্মদ শরীফ, অলক কাপালি ও মেহেদী হাসান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এফআইআর/








