ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের একাদশতম রাউন্ডের শেষ দিনের দুটি ম্যাচের ভেন্যু পরিবর্তন করেছে সিসিডিএম। শেষ রাউন্ডের ভেন্যু পরিবর্তনের কারণ জানতে চাইলে সিসিডিএম-এর সমন্বয়ক আমিন খান বলেন, ‘মোহামেডান-শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচটি গুরুত্বপূর্ণ। সুপার লিগে উঠতে হলে দুই দলেরই জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ ম্যাচটি আমরা মিরপুরে রাখতে চেয়েছি।’
গত ২৯ মে ঘোষিত সূচি অনুযায়ী ৮ জুন মোহামেডান-শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের ম্যাচটি হওয়ার কথা বিকেএসপিতে। মিরপুর শেরে বাংলায় ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্সের ম্যাচ। এই দুই ম্যাচের ভেন্যু অদল-বদল করে মোহামেডান-শেখ জামাল ধানমণ্ডির ম্যাচ হবে মিরপুরে, বিকেএসপিতে লড়বে ব্রাদার্স-রূপগঞ্জ। তবে ভিক্টোরিয়া-গাজী গ্রুপের ম্যাচে কোনও পরিবর্তন আসেনি।
এর আগে নবম রাউন্ডে আবাহনী-প্রাইম দোলেশ্বরের গুরুত্বপূর্ণ ম্যাচটি মিরপুর থেকে বিকেএসপিতে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, এক ম্যাচ হাতে রেখে সুপার লিগ নিশ্চিত করেছে প্রাইম দোলেশ্বর, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ।
/আরআই/এফআইআর/








