বড় প্রত্যাশা নিয়েই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল সাসেক্স। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুস্তাফিজ খেলবেন বলে আশা করে আসছিল সাসেক্স। তবে আইপিএল-এর শেষ দিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তার সাসেক্সের হয়ে খেলার বিষয়টি শঙ্কার মুখে পড়ে। এখনও সে শঙ্কা কাটেনি।
তারপরও বাংলাদেশি এ পেসারকে পেতে অপেক্ষায় থাকছে লুক রাইটের নেতৃত্বাধীন দলটি। মুস্তাফিজের ব্যাপারে শঙ্কা থাকায় তার পরিবর্তে দলে নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসির চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে সাসেক্স।
লুক রাইট বলেন, 'আমরা জানি না মুস্তাফিজুরের হ্যামস্ট্রিং ইনজুরির কী অবস্থা। তবে আমরা তার জন্য অপেক্ষা করছি। আশা করি তার শারীরিক অবস্থা খারাপ না। ডেভিড আমাদের সঙ্গে থাকছে। এরপর কী হয় তার দিকে আমরা তাকিয়ে আছি।'
মুস্তাফিজকে যতদিন পর্যন্ত না পাচ্ছে সাসেক্স, ততদিন উইসিকে দলের রাখার কথা জানিয়ে অধিনায়ক রাইট বলেন, 'আমরা খুবই ভাগ্যবান। ডেভিড উইসি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে রেখে দিচ্ছি।'
কাটার মাস্টার মুস্তাফিজ সদ্য আইপিএল খেলে দেশে ফিরেছেন। প্রায় দুই মাস সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এ তারকা বর্তমানে চোটে ভুগছেন। ফলে চিকিৎসা ও বিশ্রামে রয়েছেন তিনি। এছাড়া মুস্তাফিজকে নিয়ে বড় কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
/এমআর/








