ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) জয় করে দেশে ফেরার পর সাতক্ষীরার গ্রামের বাড়িতে প্রায় সপ্তাহখানেক বিশ্রাম নিয়ে গতকাল বুধবার ঢাকায় ফেরেন মুস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে তিনি হাজির হন মিরপুরে। এদিন সকাল দশটার দিকে ফিজিওর রুমে আসেন তিনি।
এরপর ক্রিকেট পরিচালনা বিভাগের রুমে একবার ঢুঁ মেরে চলে যান জিমে। সেখানে তার সঙ্গী হন প্রধান কোচ হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন। প্রায় ঘন্টাখানেক চলে মুস্তাফিজের ফিটনেস ট্রেনিং। তবে আগামীকাল থেকে একটি নির্দিষ্ট একটি ছকে চলবে মুস্তাফিজের ট্রেনিং সেশন।
মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এই মুহূর্তে মুস্তাফিজের হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট নিয়ে কাজ করা হচ্ছে। শোল্ডার ও সাইড স্ট্রেইনের বিষয়গুলো রিকভার হয়ে গেছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আপিএল থেকে ফেরার পর দ্বিতীয়বারের মতো মুস্তাফিজকে চেক করলাম। গতবারের চেয়ে আজকে অবস্থার উন্নতি হয়েছে। আজ থেকে তার রিহ্যাব পার্ট পুরোদমে শুরু হল।'
মুস্তাফিজের জন্য রিহ্যাব খুব জরুরি কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনও বিষয়ে যদি খুঁত থাকে তাহলে তাকে রিহ্যাব প্রক্রিয়ার আসতে হয়। মুস্তাফিজের হ্যামস্ট্রিং ও অ্যাঙ্কেলের চোট রয়েছে। যদিও এটা মাইনর সমস্যা। এ জন্য তাকে রিহ্যাব করতে হবে।’
তবে কতোদিন সময় লাগবে। এ ব্যাপারে নিশ্চিত করতে পারলেন না বাংলাদেশ দলের ফিজিও। তিনি জানান, ‘এ মুহুূর্তে আসলে কতটুকু সময় লাগবে এটা বলা যাচ্ছে না। কারণ এটা প্লেয়ার টু প্লেয়ার নির্ভর করে। কে কিভাবে রেন্সপন্স করে সেটা দেখার বিষয়। আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করব। দেখবো যে প্রতি সপ্তাহে ও (মুস্তাফিজ) কতটুকু উন্নতি করেছে। এর ওপর নির্ভর করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’
তিনি আরও যোগ করেন, ‘প্রথম সপ্তাহে বল হাতে নেওয়ার কোনও সম্ভাবনা দেখছি না। ভালো অবস্থায় গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
/আরআই/এমআর/








