ফতুল্লায় অুনষ্ঠিত প্রথম পর্বের শেষ ম্যাচে ২৮ রানের জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। তবে আগেই সুপার সিক্স নিশ্চিত করা ভিক্টোরিয়ার জয়টি নিজেদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও প্রাইম ব্যাংকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এদিন ভিক্টোরিয়ার জয়ে জয় উদযাপন করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব! ফতুল্লায় অনুষ্ঠিত ভিক্টোরিয়া-গাজী গ্রুপ ম্যাচে প্রাইম ব্যাংকের কর্মকর্তাদের দেখা গেছে চিন্তায় মগ্ন হয়ে খেলা দেখতে!
বৃহস্পতিবার বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি তিন ঘণ্টা পনের মিনিট পর শুরু হয়। ম্যাচ রেফারি ১৭ ওভার কার্টেল করে ম্যাচটি নির্ধারিত করেন ৩৩ ওভারে। আগে ব্যাটিং করা ভিক্টোরিয়া আব্দুল মজিদের টানা দ্বিতীয় সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেটে ২১৯ রান তুলে নেয়। জবাবে গাজী গ্রুপ ক্রিকেটার্স বাঁচা-মরার লড়াইয়ে ৩০.১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায়। ফলশ্রুতিতে ২৮ রানের জয় পায় ভিক্টোরিয়া।
ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন আল আমিন জুনিয়র। এছাড়া মাহবুবুল আলম ৩টি এবং কামরুল ইসলাম রাব্বি ও সৌরওয়ার্দী শুভ একটি করে উইকেট নিয়েছেন।
আগে ব্যাটিং করে নির্ধারিত ৩৩ ওভারে ২১৯ রান সংগ্রহ করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। যেখানে ম্যাচর সব আলো কেড়ে নেন আব্দুল মজিদ। দারুণ এক সেঞ্চুরি উপহার দেন ভিক্টোরিয়ার এই ওপেনার। তিনি ৯১ বলে তুলে নেন সেঞ্চুরি। ৮ চার ও ২ ছক্কায় সেঞ্চুরির ইনিংসটি সাজান ময়মনসিংহের এ ক্রিকেটার। এ ইনিংসে ভর করে চলতি লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে (৫৩৮) উঠে এসেছেন ভিক্টোরিয়ার এ ব্যাটসম্যান।
মজিদ ছাড়াও মুমিনুল হক খেলেন ৬৬ বলে ৭৩ রানের ইনিংস। এছাড়া আল আমিন করেন ২৪ রান।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের মধ্য সর্বোচ্চ তিনটি উইকেট নেন মোহাম্মদ শরীফ। এছাড়া দেলোয়ার হোসেন দুটি ও শামসুর রহমান একটি উইকেট নেন।
১১ ম্যাচে ৬ জয় ও ৫ পরাজয় নিয়ে সুপার লিগে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক। অন্যদিকে গাজী গ্রুপ ১১তম ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ নিয়ে খালি হাতে লিগ শেষ করলো।
/আরআই/এফআইআর/








