অবশেষে যুক্তরাজ্যের ভিসা পেয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। শঙ্কা কাটিয়ে ইংল্যান্ড সফরে এই পেসারকে নিয়ে যেতে পারছে পিসিবি। বাঁহাতি এই পেসারের ভিসা সমস্যার সমাধান হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের অভিবাসী আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত কোনও ব্যক্তি সাধারণত পরবর্তীতে ইংল্যান্ডে প্রবেশের অনুমতি পান না। তবে, ক্রিকেট বোর্ডের শিথিলতায় তা ভেবে দেখার অবকাশ থাকায় অবশেষে ফিক্সিংয়ের অভিযোগে দণ্ডপ্রাপ্ত আমিরকে ভিসা দেয় দেশটির কর্তৃপক্ষ।
চলতি বছরের জানুয়ারিতেও পাকিস্তান ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের আগে এমন সমস্যায় পড়েছিল পিসিবি। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানো পাকিস্তানি এই ফাস্ট বোলারকে ভিসা দিতে চায়নি নিউজিল্যান্ড। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে শেষ পর্যন্ত সুরাহা হয়।
ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
/এমআর/








