দুই দিন বিরতি দিয়ে রবিবার থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্স রাউন্ড। পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল তিনটি ভেন্যুতে এদিন একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টবিলে তৃতীয় স্থানে থাকা আবাহনী বিকেএসপিতে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা প্রাইম দোলেশ্বরের বিপক্ষে।
কাগজে কলমে শক্তিশালী দল আবাহনী। সেই সঙ্গে পুরো লিগে আম্পায়ারের সিদ্ধান্ত দলটির পক্ষে আসার অভিযোগ উঠেছে। প্রথম পর্বে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচেও আবাহনীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। রবিবার একই প্রতিপক্ষের মুখোমুখি হবে আবাহনী। তবে আবাহনীকে শক্ত প্রতিপক্ষ ভাবছে না প্রাইম দোলেশ্বর। শুধু তাই নয়, প্রাইম দোলেশ্বরের অলরাউন্ডার নাসির হোসেন নবম রাউন্ডের হারের বদলা রবিবারের ম্যাচে নেবেন বলে ঘোষণা দিয়েছেন।
শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নাসির। তিনি বলেন, ‘চাপ থাকে না। আমাদের কাজ খেলা; আমরা সঠিকভাবে খেলার চেষ্টা করি। অন্যান্য দলের সঙ্গে যেমন প্রস্তুতি থাকে, আবাহনীর সঙ্গেও তাই থাকবে। আবাহনীর ম্যাচটিতে সবার ফোকাস একটু বেশি থাকে। আপনারা হয়তো মনে করেন, আবাহনী একটি বড় নাম। কিন্তু আমরা প্লেয়াররা অমন কিছু মনে করছি না!’
নবম রাউন্ডের ম্যাচটিতে শেষ দিকে এসে আবাহনীর বিপক্ষে ম্যাচটি হেরে যায় দোলেশ্বর। তবে এই হারের পেছনে ভাগ্যের দোহাই দিলেন নাসির। তিনি বলেন, ‘ওই ম্যাচে আমাদের খুব বেশি ভুল ছিলো না। তারপরও ক্রিকেটে ভাগ্য লাগে। ওভার-অল ব্যাটিং বলেন, বোলিং বলেন, ফিল্ডিং বলেন ভালো করছি। যারা ভালো করবে তারাই জিতবে। তবে হারের আক্ষেপ পূরণে কালকের ম্যাচটা আমাদের জিততে হবে।’
সুপার লিগে খেলা সবগুলো দলের পয়েন্টই কাছাকাছি। এ কারণে চলতি মৌসুমে যে কারওই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। নাসিরও অবশ্য এটা মনে করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সব দলের জন্য চ্যাম্পিয়নশিপ ওপেন রয়েছে। এখানে ৫টি ম্যাচ আছে। যারা বেশি ম্যাচ জিতবে তারাই চ্যাম্পিয়ন হবে।’
/আরআই/এমআর/







