সুপার লিগের প্রথম রাউন্ডে পয়েন্ট টেবিলে নিজেরে অবস্থান আরও সুসংহত করলো ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। রবিবার গতবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংককে ২৩ রানে হারিয়েছে তারা। শেষ দুই ওভারে ৩৬ রান প্রয়োজন ছিল ব্যাংকের। কিন্তু প্রাইম ব্যাংক শেষ দুই ওভারে মাত্র ১২ রান তুলতে সমর্থন হয়। এই ম্যাচটি হারায় প্রাইম ব্যাংকের শিরোপার স্বপ্ন কিছুটা হলেও ফিকে হয়ে গেলো!
রবিবার বৃষ্টির কারণে ২ ঘণ্টা ১৫ মিনিট পর ম্যাচটি শুরু হয়। যার কারণে ম্যাচ রেফারি ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে খেলাটি নির্ধারণ করেন।
আগে ব্যাটিং করে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৪০ ওভারে (কার্টেল) ৬ উইকেটে ২৭২ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ভিক্টোরিয়ার এই সংগ্রহটা আরও অনেক দূর যেতে পারতো। ওপেনার আব্দুল মজিদ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক আরও কিছুক্ষণ ক্রিজে থাকলেই ভিক্টোরিয়া এই ম্যাচে ৩০০ ছাড়িয়ে যেতে পারতো। কিন্তু ব্যক্তিগত ৭২ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা ময়মনসিংহের ক্রিকেটার আব্দুল মাজিদ। রবিবার তিনি ৬৮ বলে ১০ চার ও এক ছয়ে তার ৭২ রানের ইনিংসটি সাজিয়েছেন। ফজলে মাহমুদ দলীয় ৩৭ রানে বিদায় নিলে মজিদ দ্বিতীয় উইকেটে মুমিনুলকে সঙ্গে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন।
মুমিনুল হক ৪৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন ৪ চার ও ৪ ছয়ে। তখনও অবিচল ছিলেন মজিদ। তৃতীয় উইকেটে আল আমিন জুনিয়রকে সঙ্গে নিয়ে ৩০ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৭২ রানে রান আউট হন মজিদ। অন্য ব্যাটসম্যানদের মধ্যে নাদিফ চৌধুরি ৪১, চাতুরাঙ্গা ডি সিলভা ৩৯ ও আল আমিন জুনিয়র ২৮ রান করেন।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ আজিম। এছাড়া শুভাগত হোম ও মনির হোসেন প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
২৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ধীরস্থিরভাবেই করে প্রাইম ব্যাংক। ওপেনিং জুটিতে মেহেদী মারুফ ও শাহনাজ আহমেদ করেন ৫৫ রান। ব্যক্তিগত ১৩ রানে শাহনাজ ফিরে গেলে অল্প সময়ের মধ্যে ফিরে যান প্রাইম ব্যাংকের বিদেশি ক্রিকেটার সেয়ান জয়সুরিয়াও। তিনি ১৫ রান করে রান আউটের শিকার হন।
তৃতীয় উইকেটে মেহেদী মারুফ ও নুরুল হাসান সোহান মিলে ৩৯ রানের জুটি গড়েন। মারুফ ৫৫ রান করে মুমিনুল হকের বলে চাতুরাঙ্গা ডি সিলভাকে ক্যাচ দিয়ে বিদায় নেন। দুর্ভাগ্য নুরুল হাসান সোহানের। জীবন পেয়ে ইনিংসটাকে বড় করতে পারেননি। ৩৩ রানের জীবন পেয়ে ৫২ রান করেই রান আউট হন উইকেটকিপার এই ব্যাটসম্যান।৪৮ বলে ৮ চারে তিনি তার ইনিংসটি সাজিয়েছেন।
গুরুত্বপূর্ণ ম্যাচেও প্রাইম ব্যাংকের আইকন ক্রিকেটার জ্বলে উঠতে পারলেন না। এদিন ২৭ রানের ইনিংস খেলে মাহবুবুল আলমের বলে আল আমিনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাব্বির। শেষদিকে অধিনায়ক শুভাগত হোম ও মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর পারভেজ চেষ্টা করলেও সেই চেষ্টা যথেষ্ট ছিল না। শুভাগত ২৬ ও তাইবুর ২৫ রান করেন। শেষ পর্যন্ত গতবারের চ্যাম্পিয়নরা নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৯ রান করতে সমর্থন হয়।
ভিক্টোরিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন ডলার মাহমুদ। এছাড়া কামরুল ইসলাম রাব্বি, মাহবুব আলম, সোরওয়ার্দী শুভ ও মুমিনুল হক প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এফআইআর/








